ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে প্রায় ৬০০ কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের বিরুদ্ধে রোববার একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মামলায় শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম এবং ৪ ছেলে সাদাত সোবহান, সায়েম সোবহান, শাফিয়াত সোবহান ও সাফোয়ান সোবহানকেও আসামি করা হয়েছে।
কমিশনের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে রমনা থানার উপ-পরিদর্শক মাহিরা খানম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আলমের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে ৫৮৫ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ৯৪৩ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে। আর অবৈধভাবে এ সম্পদ অর্জনে তাকে সহায়তা করার অভিযোগে তার স্ত্রী ও ছেলেদের আসামি করা হয়েছে।
দেশে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হওয়ার পর শাহ আলম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২০৩৯ ঘ.
bdnews24