বান্দরবান, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায় আমন্ত্রণ জানানো হয়নি উল্লেখ করে জেলা পরিষদ আয়োজিত বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন বান্দরবানের মুক্তিযোদ্ধারা। এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, আমন্ত্রণ জানানো হয়েছে।
বিষয়টি জানিয়ে রোববার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সত্যেন্দ্র মজুমদার ও যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগ করা হয়, বিজয় ও স্বাধীনতা দিবস এমনকি মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে কোনো সভায় মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো রীতি চলে আসছিলো। কিন্তু নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২০০৭ সালের বিজয় দিবসের পালনের প্রস্তুতি সভায় জেলার কোনো মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানায়নি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ না জানানোয় আমরা ক্ষুব্ধ এবং হতভম্ব।
প্রধান উপদেষ্টার কাছে পাঠানো স্মারকলিপিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আগামী ১৬ ডিসেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এর উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের বিষয়টিও উল্লেখ করেন।
বিষয়টি নিয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হেলালুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখন কেউ যদি চিঠি না পেয়ে থাকেন তাহলে আমাদের কী করার আছে।"
গত ৭ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা হয়। তাতে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়নি। বিগত সময়ে সাংবাদিকদেরও সভায় আমন্ত্রণ জানানো হতো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৮ ঘ.
bdnews24