ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ সফররত মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর সহকারী প্রশাসক কেন্ট হিল শনিবার সংস্থাটির অর্থায়িত কয়েকটি স্বাস্থ্য প্রকল্প পরিদর্শন করেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ইউএসএইড কর্মকর্তা যেসব স্থান পরিদর্শন করেন এর মধ্যে ছিল টঙ্গীতে সূর্যের হাসি স্বাস্থ্য ক্লিনিক, সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) খাবার স্যালাইন কারখানা এবং ভালুকায় ব্লু স্টার ফার্মেসি। এই অঞ্চলে ইউএসএইড এর স্বাস্থ্য কর্মসূচিগুলো পর্যালোচনা করতে ড. হিল তিন দিনের সফরে বর্তমানে বাংলাদেশে আছেন।
এ সফরের সময় ড. হিল এসএমসির খাবার স্যালাইন কারখানায় কিভাবে স্যালাইন তৈরি করা হয় তা সরেজমিনে দেখেন। এই স্যালাইন ডায়রিয়া-জনিত পানিশূন্যতার প্রতিকার করে। সূর্যের হাসি স্বাস্থ্য ক্লিনিক পরিদর্শনের সময় তিনি ডাক্তার ও রোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং যে পদ্ধতিতে এ ক্লিনিকের কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে তা পর্যালোচনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ড. হিল ক্লিনিক প্রদত্ত সেবার গুণগত মান ও পরিধির প্রশংসা করেন। প্রায় বিশ লাখ মানুষ প্রতিমাসে এই ক্লিনিকে আসে। এদের অধিকাংশই দরিদ্র।
ইউএসএইড এর এই কর্মকর্তা সিডর -দুর্গত মানুষদের সহায়তা করার জন্য সংস্থাগুলোর প্রশংসা করেন। এসব সংস্থা দুর্গত এলাকায় মেডিক্যাল ক্যাম্প স্থাপন এবং বাড়তি খাবার স্যালাইন উৎপাদনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ইউএসএইড উল্লেখযোগ্য অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশী জনগণের সার্বিক স্বাস্থ্য উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে সরকারের সঙ্গে স্বাস্থ্য ও জনসংখ্যা সমঝোতা চুক্তির অধীনে বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন করতে ইউএসএইড আগামী পাঁচ বছরে ১৭ কোটি ৩০ লাখ ডলার দেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/২২৪৫ঘ.
bdnews24