২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে শিক্ষকদের অন্য রকম যুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষক কারাগারে ফুল বাগান পরিচর্যার কাজ করছেন। কারা অন্তরীণ শিক্ষকদের সঙ্গে দেখা করার পর তাদের পরিবারের সদস্যরা শনিবার সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। শুক্রবার চার শিক্ষকের পরিবারের সদস্যরা কারা অন্তরীণ শিক্ষকদের সঙ্গে দেখা করেন বলে রাজশাহী কারাগারের প্রশাসক সিরাজুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ইসমাইল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষক কারাগারে ফুল বাগান পরিচর্যার কাজ করছেন। কারা অন্তরীণ শিক্ষকদের সঙ্গে দেখা করার পর তাদের পরিবারের সদস্যরা শনিবার সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। শুক্রবার চার শিক্ষকের পরিবারের সদস্যরা কারা অন্তরীণ শিক্ষকদের সঙ্গে দেখা করেন বলে রাজশাহী কারাগারের প্রশাসক সিরাজুল ইসলাম জানান। অধ্যাপক মলয় কুমার ভৌমিকের মেয়ে বর্ণনা ভৌমিক সাংবাদিকদের বলেন, "বাবাসহ তিন শিক্ষকই কারাগারে ফুল বাগান পরিচর্যা করে সময় কাটাচ্ছেন। বাবা আমাকে বলেছেন, '৭১-এ আমরা একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছিলাম। খুব ভালো লাগছে, এ বিজয়ের মাসে কারাগারেও ফুলকে বাঁচানোর জন্যে যুদ্ধ করার কাজ পেয়েছি'।" ভারাক্রান্ত কণ্ঠে বর্ণনা বলেন," ৭১-এ বাবা পাকিস্তানি শোষণ, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশমাতৃকাকে স্বাধীন করতে অস্ত্র হাতে নিয়েছিলেন। সেই চেতনা ধারণ করেই বাবা, সততা ও ন্যায়-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সত্য, ন্যায় ও প্রগতির আদর্শ কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন।" বর্ণনা অভিযোগের সুরে বলেন, "কিছুদিন আগে ঢাকায় প্রথম আলোর বিরুদ্ধে জঙ্গি মিছিল হয়েছে; প্রশাসনিক কর্মকর্তারা সরকার ও আদালতকে হুমকি দিয়েছে; অথচ সরকারের মনে হয়নি জরুরি আইন ভঙ্গ হয়েছে।" আগস্টের ছাত্র বিক্ষোভের সময় জরুরি বিধিমালা লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার আদালত মলয় কুমার ভৌমিক, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেয়। কারাগারে চার শিক্ষকই ফুলবাগান পরিচর্যা করছেন স্বীকার করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রশাসক সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকদের ডিভিশন কার্যকর করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএ/১৯০৭ঘ.