মারুফ মল্লিক
স্টাফ করসপনডেন্ট, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের পরও ব্যাপকভাবে দুর্নীতি কমেছে এমন কোনো প্রমাণ নেই।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেশের দুর্নীতি বিরোধী অভিযান এবং দুর্নীতির বর্তমান পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের মারুফ মল্লিক জানাচ্ছেন বিস্তারিত।
তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশন সংস্কার করে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পাবলিক সার্ভিস কমিশনেও সংস্কার আনা হয়েছে; পৃথক করা হয়েছে বিচার বিভাগ- এগুলো সবই ইতিবাচক। এর কারণে দুর্নীতি প্রতিরোধের পরিবেশ সৃষ্টি হচ্ছে। দুর্নীতি করলে শাস্তি পেতে হয়- এটা প্রতিষ্ঠা ও প্রমাণিত করার চেষ্টা চলছে। কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বড় বড় দুর্নীতিবাজদের। তবে ব্যাপকভাবে দুর্নীতি কমেছে এমন কোনও প্রমাণ নেই।"
একই সঙ্গে পরবর্তী সরকার বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপ কতটুক অব্যাহত রাখে সে বিষয়ে পর্যবেক্ষণ করা উচিত বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
২০০৩ সালের ৯ ডিসেম্বর মেক্সিকোর মেরিডো শহরে জাতিসংঘের এক সম্মেলনে প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে দুর্নীতির বিরুদ্ধে এ দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেসময় সংস্থাটির উদ্দেশ্য ছিল দুর্নীতি বিরোধী সনদ সম্পর্কে প্রচারণা কার্যকর করা এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা। ২০০৪ সালে বাংলাদেশে প্রথমবারের মতো টিআইবির উদ্যোগে এ দিবসটি পালিত হয়। চলতি বছরের ২৭ ফেব্র"য়ারি সরকার দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষর করে। এবারই প্রথম দুর্নীতি দমন কমিশন ও টিআইবি'র যৌথ উদ্যোগে বাংলাদেশে এ দিবসটি পালিত হচ্ছে।
ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, "এত দ্রুত দুর্নীতি রোধ করা সম্ভব হবে না। দুর্নীতির কারণে সৃষ্ট নেতিবাচক প্রভাবের পরিবর্তন হচ্ছে বলে মনে হয় না। মূলকথা হচ্ছে- দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা একদিনে তৈরি হয়নি।"
এটা দুর করতে দীর্ঘ মেয়াদে কৌশল প্রণয়ন করতে হবে এবং সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, "জনসাধারণের মধ্যে মূল্যবোধের পরিবর্তন আনতে হবে। নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ মেয়াদে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ। এ ছাড়া সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার থাকতে হবে।"
পরবর্তী সরকারগুলো এ নীতি কতটুকু বহন করবে- এ প্রসঙ্গে তিনি বলেন, "সামনে যে সরকার আসবে সে সরকার বর্তমান সরকারের নীতি কতটুকু বহন করে তা পর্যবেক্ষণ করতে হবে।"
২০০৪ সালের ২১ নভেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত ঘোষণা করে কমিশন গঠন করা হয়। তবে প্রথম দুই বছরের বেশি সময় কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কমিশনের উচ্চ পর্যায়ের পরিবর্তন আনে। অবসরপ্রাপ্ত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয় কমিশনের চেয়ারম্যান পদে।
এর পরপরই ১৮ ফেব্র"য়ারি কমিশনে তৎকালীন সচিব দেলোয়ার হোসেন সন্দেহভাজন একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের নাম যুক্ত করে তাদের নিজ নামে ও স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেয়। প্রথম তালিকা ছাড়াও কমিশন পরবর্তীতে আরও কয়েক দফায় প্রায় দুই শতাধিক সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে তাদের সম্পত্তির হিসাব জমা দিতে বলে।
এ পর্যন্ত সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা থেকে ১১৮টি মামলা দায়ের করেছে। ৬০ টির মতো মামলার অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে। যার মধ্যে রায় হয়েছে ২০ টির বেশি; বিচারাধীন আছে ৪২টি মামলা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ/১৫৪৮ ঘ.
bdnews24