ঝালকাঠি, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অতীতে ছবিসহ ভোটার পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির নামে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা হয়েছে। এবার সেনাবাহিনী, জেলা প্রশাসন ও তৃণমূল পর্যায়ের জন প্রতিনিধিদের সমন্বয়ে জনসম্পৃক্ত একটি ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ দ্রুততার সঙ্গে চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।
শনিবার ঝালকাঠি পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, "ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে দেশপ্রেমিক সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।"
ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসন, সেনাবাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় নির্বাচন কমিশনার বলেন, "নির্ধারিত সময়ে স্বচ্ছ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির মাধ্যমে আগামীতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।"
বিগত দিনে ভোটার তালিকা তৈরিতে আমলাতান্ত্রিক জটিলতা ছিল বলে তিনি উল্লেখ করেন।
সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে তিনি বলেন, "আগের যে কোন নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ, গ্রহণযোগ্য ও নির্ধারিত সময়ে অনুষ্ঠানের লক্ষ্যে প্রাকৃতিক দুর্যোগ সত্বেও দেশপ্রেমিক সেনাবাহিনী ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম বিরতিহীনভাবে চালিয়ে যাচ্ছে।"
সাখাওয়াত হোসেন জানান, যারা নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেনি তাদেরকে আরও সুযোগ দেয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হরিপ্রসাদ পাল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক, স্থানীয় সেনাক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আবুল কালাম আজাদ, জেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান, ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান আইউব আলী তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএ/১৫২৭ঘ.
bdnews24