২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশনের খসড়া চূড়ান্ত

এক বছর মেয়াদী 'ট্রুথ এন্ড এ্যাকাউন্টিবিলিটি কমিশনে'র খসড়া চূড়ান্ত করা হয়েছে। কমিশনের কাঠামো এবং আইনগত দিক নির্ধারণে গঠিত চার সদস্যের কমিটি এ খসড়া চূড়ান্ত করেছে। খসড়ায় বলা হয়েছে, ব্যবসায়ীসহ অপরাধ স্বীকার করতে আগ্রহীদের প্রথমবারের মতো সুযোগ দিতে এক বছরের জন্য এ কমিশন গঠন করা হচ্ছে। এ সুযোগ সব সময় থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 09:00 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক বছর মেয়াদী 'ট্রুথ এন্ড এ্যাকাউন্টিবিলিটি কমিশনে'র খসড়া চূড়ান্ত করা হয়েছে। কমিশনের কাঠামো এবং আইনগত দিক নির্ধারণে গঠিত চার সদস্যের কমিটি এ খসড়া চূড়ান্ত করেছে। খসড়ায় বলা হয়েছে, ব্যবসায়ীসহ অপরাধ স্বীকার করতে আগ্রহীদের প্রথমবারের মতো সুযোগ দিতে এক বছরের জন্য এ কমিশন গঠন করা হচ্ছে। এ সুযোগ সব সময় থাকবে না। চলতি ডিসেম্বর মাস থেকে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল। ঘূর্ণিঝড় সিডরের কারণে তা বিলম্বিত হচ্ছে। তবে নতুন বছরের শুরু থেকেই কমিশন কার্যকর হতে পারে। চার সদস্যবিশিষ্ট কমিটির সদস্য এ্যাডভোকেট আনিসুল হক শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একটি খসড়া তৈরী করে ইতোমধ্যে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বর্তমানে সরকারের পরীক্ষাধীন রয়েছে। সরকার এ খসড়া গ্রহণ করলে একটি অধ্যাদেশের মাধ্যমে কমিশনের কার্যক্রম কার্যকর করা হবে। জানা গেছে, ১৮ পৃষ্ঠার ওই খসড়া প্রস্তাবে মোট ২৭টি ধারা রাখা হয়েছে। এতে এক বছর বা ১২ মাসের জন্য গঠিত ওই কমিশনের নাম 'ট্রুথ এন্ড এ্যাকাউন্টিবিলিটি কমিশন' করার সুপারিশ করা হয়েছে। যা হবে সম্পূর্ণ স্বাধীন এবং সরকারের হস্তক্ষেপ বা প্রভাবমুক্ত। কমিশনে সদস্য থাকবেন তিন থেকে পাঁচজন। একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিশনের সদস্য হিসেবে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারক অথবা আইন ও বিচার কাজে অভিজ্ঞ কোন ব্যক্তি নিযুক্ত হবেন। এতে বলা হয়েছে, শুধুমাত্র ব্যবসায়ী নয়, যে কোন ব্যক্তিই এ কমিশনে গেলে এর সুযোগ-সুবিধা নিতে পারবেন। তবে দুর্নীতির অপরাধে ইতোমধ্যে দন্ডিত বা একই অপরাধে বিচারাধীন কোন মামলায় অভিযুক্ত ব্যক্তি এর সুযোগ নিতে পারবেন না। কমিশন চাইলে যে কোন ব্যক্তিকে নিজ উদ্যোগে (সুয়োমোটো) কমিশনে ডেকে পাঠাতে পারবেন। কমিশনের আহ্বানে কোন ব্যক্তি কমিশনে উপস্থিত না হলে কমিশন তাকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সাজা দিতে পারবে। তবে কমিশনে কেউ অপরাধ স্বীকার করলে ভবিষ্যতে তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া যাবে না, যদি তিনি নতুন কোন অপরাধ না করেন। কমিশনের কাছে অপরাধ স্বীকার করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আর্থিক জরিমানা এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে। যা কোন অবস্থাতেই ওই ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তির বেশি হবে না। একই সঙ্গে কোন ব্যক্তি কমিশনে মিথ্যা তথ্য দিলে বিচারের জন্য তাকে আদালতে পাঠানো হবে। কমিশনের কাঠামো এবং আইনগত দিক নির্ধারণে সরকার গত অক্টোবর মাসের শেষ দিকে বিশেষজ্ঞ আইনজীবী ও সেনা কর্মকর্তাদের নিয়ে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন- ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এ্যাডভোকেট এমআর হাসান, এ্যাডভোকেট আনিসুল হক এবং ব্রিগেডিয়ার জেনারেল নূর মোহাম্মদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমকে/এমএ/১৪৫০ঘ.