চাঁদপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৮ ডিসেম্বর, শনিবার চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় তৎকালীন মহকুমা শহর (বর্তমানে জেলা শহর) চাঁদপুর।
দিনটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারো নানা কর্মসূচি নেয়া হয়েছে।
১৯৭১ সালের নভেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখোমুখি হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী চাঁদপুর শহরের দিকে এগুতে থাকে। ৬ ডিসেম্বর হাজিগঞ্জে পাকবাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ শুরু হয় মুক্তিবাহিনীর। প্রায় ৩৬ ঘণ্টা যুদ্ধের পর পাকবাহিনী হাজিগঞ্জ হামিদিয়া জুটমিলসহ তাদের সব ক্যাম্প ছেড়ে পালাতে শুরু করে।
চাঁদপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ জানান, ৮ ডিসেম্বর হানাদারমুক্ত চাঁদপুরে প্রবেশ করে মিত্রবাহিনী (ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সমন্বিত বাহিনী)। সকাল ১০টায় মিত্রবাহিনীর ট্যাংক বহর লেফটেন্যান্ট কর্নেল সুট্টির নেতৃত্বে চাঁদপুর শহরে প্রবেশ করে। সকাল ১১টায় চাঁদপুর থানার সামনে আনুষ্ঠানিকভাবে বিজয়ের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা রবিউল আউয়াল কিরণ (মরহুম)।
মুক্তিযোদ্ধা ওয়াদুদ জানান, চাঁদপুর জেলায় পাকিস্তানি বাহিনী সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড চালায় হাজিগঞ্জ উপজেলার প্রায় ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে মুকুন্দসার গ্রামের নাসিরকোর্টে। মুক্তিযুদ্ধের প্রথম নয় মাসে হানাদার বাহিনী ওই এলাকাটিতে ঢুকতে পারেনি। নাসির কোর্ট উচ্চ বিদ্যালয় ছিল মুক্তিযুদ্ধের সাব-সেক্টর ক্যাম্প। এই ক্যাম্পের দায়িত্বে ছিলেন ডা. শামছুল আলম। নভেম্বরের শেষ সপ্তাহে হানাদার বাহিনী মুকুন্দসার গ্রামে ঢুকলে জহিরুল হক পাঠানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে। ওই যুদ্ধে শহীদ হন নয় জন মুক্তিযোদ্ধা।
তারা হলেন, এম এ মতিন, মো. জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, এস এম জহিরুল হক, এস এম জয়নাল আবেদীন, মো. আবু তাহের, মো. আব্দুল হক, এস এম ইলিয়াছ হোসেন, আব্দুর রব। এদের সবাইকে নাসিরকোর্ট কলেজের পাশে সমাধিস্থ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৪ ঘ.
bdnews24