রাজশাহী, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলাকালে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলার রায় পিছিয়েছে আদালত। ১২ ডিসেম্বর রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার রায় ঘোষণার ধার্য দিনে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম রুহুল আমিন রায় লেখা শেষ হয়নি জানিয়ে নতুন তারিখ ধার্য করেন।
সকালে কারাগার থেকে অভিযুক্ত শিক্ষক রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল ও গোলাম সাব্বির সাত্তার তাপু, রাবির উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদেকুল ইসলাম এবং রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক আতাউর রহমান আতাকে হাজির করা হয়।
মামলার অপর ১০ আসামি পলাতক রয়েছে। তারা হলেন, রাবি শিক্ষার্থী উজ্জ্বল, আয়েন উদ্দিন, দ্বীপায়ন সরকার, মিঠু, সরকার আয়াজ, ফকরুল ইসলাম সুমন, আবু সায়েম, শামীম আহম্মেদ, কাজী আব্দুল লতিফ ও শাখাওয়াৎ হোসেন।
১৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের পর ২৪ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য নেয়া হয়। গত ২৭ নভেম্বর যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ধার্য করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের রেশ ধরে গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে এক রিকশাচালক নিহত হয়।
ছাত্র বিক্ষোভের সময় ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর অভিযোগে গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক শওকত আলী বাদি হয়ে ২৩ আগস্ট মতিহার থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন ১ সেপ্টেম্বর দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অধ্যাপক সারোয়ার জাহান ও সাব্বির সাত্তার এবং আতাউর রহমান ১১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। সাদিকুল ইসলামকে এর আগেই গ্রেপ্তার করা হয়।
গাড়ি পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন দুই শিক্ষক, দুই কর্মচারীসহ রাবি শিক্ষার্থী উজ্জ্বল, আয়েন উদ্দিন, দ্বীপায়ন সরকার, মিঠু, সরকার আয়াজ, ফকরুল ইসলাম সুমন, আবু সায়েম, শামীম আহম্মেদ, কাজী আব্দুল লতিফ ও শাখাওয়াৎ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অপর মামলায় গত মঙ্গলবার রায় হয়। আদালত জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে চার শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দেয়। অপর দুই শিক্ষককে খালাস দেয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/জিএনএ/১১০০ ঘ.
bdnews24