২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি করপোরেশনের চাকরিচ্যুত কর্মচারীরা অন্তর্বর্তীকালীন নিয়োগ পাবেন

অবৈধভাবে নিয়োগ পাওয়া ৪৩১ কর্মকর্তা-কর্মচারীর মধ্য থেকে অত্যাবশ্যকীয় সেবাকাজে কর্মচারীদের অন্তবর্তীকালীন নিয়োগ দেওয়ার অনুমতি পেয়েছে সিলেট সিটি করপোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

সিলেট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে নিয়োগ পাওয়া ৪৩১ কর্মকর্তা-কর্মচারীর মধ্য থেকে অত্যাবশ্যকীয় সেবাকাজে কর্মচারীদের অন্তবর্তীকালীন নিয়োগ দেওয়ার অনুমতি পেয়েছে সিলেট সিটি করপোরেশন। এক ফ্যাক্স বার্তায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত একটি আদেশ দেয়। সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে আসা ফ্যাক্স বার্তায় বলা হয়েছে, অত্যাবশ্যকীয় নাগরিক সেবা দেওয়ার জন্য আউট সোর্সিং-এর মাধ্যমে সিটি কর্পোরেশন দৈনন্দিন কাজ চালাতে পারে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিটি মেয়র আজম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অন্তর্বর্তীকালীন নিয়োগদানের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় আপাতত এ সিদ্ধান্ত নিয়েছে। পরে অর্গানোগ্রাম (জনবলকাঠামো) বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। কতজন কর্মচারী কাজে যোগ দিতে পারবেন সে বিষয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে ভারপ্রাপ্ত মেয়র জানান। গত ২ ডিসেম্বর স্থানীয় সরাকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পাওয়া সিলেট সিটি করপোরেশনের ৪৩১ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করে। মঙ্গলবার ভারপ্রাপ্ত মেয়রের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে দেখা করে এসব কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্বর্তীকালীন নিয়োগ দেওয়ার আবেদন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৪০ ঘ.