চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর সব সিএনজি অটোরিকশায় বাধ্যতামূলক মিটার সংযোজনের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আগামী ১০ দিনের মধ্যে প্রতিটি অটোরিক্সায় মিটার বসিয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার নগরীরর সদরঘাট রোডে উপ পুলিশ কমিশনারের (ট্রাফিক) কার্যালয়ে বিআরটিএ কর্তৃপক্ষ, সিএনজি চালক সমিতি ও সুশীর সমাজের প্রতিনিধিদের সঙ্গে সভায় পুলিশের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।
সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলী মিয়া বলেন, "আগামী ১৬ ডিসেম্বরের পর নগরীতে মিটারবিহীন চলাচলরত অটোরিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মিটারের মাধ্যমে ভাড়া না নিলে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মালিকদের পক্ষ থেকে মিটার সংযোজন ও মিটার মেরামতের বিষয়টি সহজলভ্য ও দ্রুততম সময়ে করার জন্য কর্তৃপক্ষের কাছে আহবান জানানো হয়। তারা অভিযোগ করেন বিআরটিএ মনোনীত ১০টি কোম্পানি নগরীতে ঠিকমত কাজ করছে না। এগুলো সার্বক্ষণিক চালু রাখার উদ্যোগ নেওয়ার জন্যও আহ্বান জানান মালিকরা।
সভায় চট্টগ্রাম নগরীতে মালিকদের দৈনিক সাড়ে ৪০০ টাকা হারে জমা নেওয়ার জন্য বলা হয়। আর ভাড়া হিসেবে প্রথম দুই কিলোমিটার সাড়ে ১৩ টাকা এবং পরে প্রতি কিলোমিটার সাড়ে পাঁচ টাকা হারে নিতে হবে। মিটার টেম্পারিংয়ের ক্ষেত্রে চালক ও মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়।
মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ'র সহকারী পরিচালক শেখ আতাউল্লাহ চৌধুরী, চিটাগাং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, সুশীল সমাজের পক্ষে ডা. মইনুল ইসলাম মাহমুদ, প্রকৌশলী সুভাষ বড়
bdnews24