২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৪তম মৃত্যূবার্ষিকী

গণতন্ত্রের মানসপুত্র হিসেবে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৪তম মৃত্যূবার্ষিকী বুধবার। পাকিস্তানিদের স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলনের অন্যতম এই নেতা ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর ৭১ বছর বয়সে বৈরুতের এক হোটেল কক্ষে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 09:15 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রের মানসপুত্র হিসেবে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৪তম মৃত্যূবার্ষিকী বুধবার। পাকিস্তানিদের স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলনের অন্যতম এই নেতা ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর ৭১ বছর বয়সে বৈরুতের এক হোটেল কক্ষে মারা যান। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৪৬-'৪৭ সালে অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন। পাকিস্তান হওয়ার পর তিনি মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় আইন মন্ত্রী হিসেবে যোগ দেন। পাকিস্তান রাষ্ট্র গঠনের ৭ বছরের মধ্যে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে ক্ষমতাসীন মুসলিম লীগের ভরাডুবি ঘটে। এতে বড় ভূমিকা রাখেন তিনি। এরপর ৫৬-৫৭ সালে ১৩ মাস পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গ্রহণ করেছে নানা কর্মসূচি। সোহরাওয়ার্দীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, দেশের গণতন্ত্রের ইতিহাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি ছিলেন সংগ্রামী ও অটল। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব। গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগ সকাল সাড়ে ৮ টায় হাইকোর্ট সংলগ্ন মরহুমের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন সকাল সাড়ে সাতটায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার জেয়ারত এবং তার আত্মার মাগফেরাত কামনা করবে। একই সঙ্গে বিকেল সাড়ে তিনটায় ফাউন্ডেশন কার্যালয়ে একটি আলোচনা সভারও আয়োজন করেছেন তারা। সকাল সাড়ে আটটায় শ্রদ্ধাঘ্য অর্পণ করবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বিএনপির একাংশের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বাণীতে বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ অঞ্চলের গণতান্ত্রিক অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন। সৃষ্টি করে গেছেন আদর্শবাদী রাজনীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত। জাতীয় পার্টি (জেপি) সকাল আটটায় মরহুম নেতার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবে। সোহরাওয়ার্দী স্মৃতি রক্ষা কমিটি সকালে তার কবরে পুষ্পস্তবক অর্পণের পর দশটায় সেখানে আলোচনা সভার আয়োজন করেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেলে আসাদ গেটের দলীয় কার্যালয়ে এবং দক্ষিণ বাংলা যুব কল্যাণ সমিতি বিকাল তিনটায় সমিতির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/ডিডি/এমএইচবি/০৩০৭ ঘ.