ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক মোহাম্মদ ইসহাককে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মো. নূরুল হককে ব্যান্সডক-এর পরিচালক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ শফিকুল আজমকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সদস্য ও ডেসার সদস্য মোহাম্মদ আবু তাহেরকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মো. শাহেদুজ্জামানকে বিপিসির পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব ময়েন উদ্দিন খানকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব আবু বক্কার সিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে ওএসডি যুগ্ম-সচিব আবু বক্কার সিকদারকে কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখার মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছিল। ১৩ নভেম্বর জারি করা ওই নিয়োগের আদেশটি মঙ্গলবার বাতিল করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২২৪৮ ঘ.
bdnews24