২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিস্তি আদায় করলে জরুরি আইনে ব্যবস্থা

ঘূর্ণিদুর্গত মানুষদের কাছ থেকে এনজিও ও ব্যাংকগুলোর ঋণের কিস্তি আদায় সংক্রান্ত বিভিন্ন অভিযোগে উদ্বিগ্ন সরকার কঠোর অবস্থান নিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ কিস্তি আদায়ের ক্ষেত্রে এনজিওগুলোকে আরো সহানুভুতিশীল হতে এবং একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কিস্তি না নেওয়ার সুষ্পষ্ট ঘোষণা দেওয়ার আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিদুর্গত মানুষদের কাছ থেকে এনজিও ও ব্যাংকগুলোর ঋণের কিস্তি আদায় সংক্রান্ত বিভিন্ন অভিযোগে উদ্বিগ্ন সরকার কঠোর অবস্থান নিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ কিস্তি আদায়ের ক্ষেত্রে এনজিওগুলোকে আরো সহানুভুতিশীল হতে এবং একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কিস্তি না নেওয়ার সুষ্পষ্ট ঘোষণা দেওয়ার আহবান জানিয়েছেন। অন্যদিকে দুর্গত এলাকায় কোন এনজিও এই মুহূর্তে কিস্তি আদায় করলে জরুরি বিধিমালায় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন। আর সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ আগামী চার মাসের ঋণের কিস্তি একেবারেই মওকুফ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার তার কার্যালয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাদের উদ্দেশে বলেন, "যেসব ক্ষুদ্রঋণ গ্রহীতার আয়ের সুযোগ আছে তাদের প্রতি না হলেও যাদের আয়ের সুযোগ নেই তাদের প্রতি সহনশীল হোন।" বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের একথা জানান। ফাহিম মুনেম বলেন, "ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ের ব্যাপারে এনজিওগুলোকে সুষ্পষ্ট ঘোষণা দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এ ঘোষণা যথাযথভাবে প্রচারের ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছেন তিনি।" বৈঠকে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের উদাহরণ দিয়ে বলেছেন তারা আগামী জুন পর্যন্ত কিস্তি আদায় না করার স্পষ্ট ঘোষণা দিয়েছে। এতে তাদের ঋণ গ্রহীতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। অন্যদেরও একইভাবে ঘোষণা দেওয়ার অনুরোধ জানান তিনি। এনজিও প্রতিনিধিরা মাঠ পর্যায়ে 'সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে' কাজ করছেন বলে প্রধান উপদেষ্টাকে জানান। একইসঙ্গে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনাও চান তারা। এদিকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী উপদেষ্টা এম এ মতিনও মঙ্গলবার এ ব্যাপারটি তুলেছেন। বরিশালে ঘূর্ণিদুর্গত এলাকা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, "ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার ব্যাপারে এনজিওগুলো সরকারকে আশ্বস্ত করেছে। এরপরও ক্ষতিগ্রস্ত এলাকায় কিছু এনজিও ঋণের কিস্তি আদায় করছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে। এ অভিযোগ তদন্তের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই সব এনজিওর বিরুদ্ধে সরকার জরুরি বিধিমালায় ব্যবস্থা নেবে।" উপদেষ্টা অবশ্য কতদিন পর্যন্ত কিস্তি আদায় করা যাবে না তার কোনও ইঙ্গিত দেননি। বরিশাল বিমান বন্দরে ওই সংবাদ সম্মেলনে ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টা তপন চৌধুরীও উপস্থিত ছিলেন। অন্যদিকে সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ আগামী চার মাসের ঋণের কিস্তি একেবারে মওকুফ করে দিতে ব্যাংক ও এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সকালে এ আহ্বান জানিয়ে তিনি বলেন,"এনজিওর কাজ হচ্ছে দরিদ্র মানুষকে সাহায্য করা; ঋণের কিস্তির জন্য তাড়া করে বেড়ানো নয়। পত্রপত্রিকায় দেখা যাচ্ছে- ঋণের কিস্তির জন্য বিভিন্ন এনজিওর কর্মকর্তারা তাগাদা দিচ্ছেন। এটি মোটেই কাম্য নয়।" জেনারেল মইন সেনা সদর দপ্তরে ঘূর্ণিদুর্গতদের জন্য নগদ অর্থ সহায়তা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, "ঘূর্ণিদুর্গত এলাকার অসহায় মানুষদের কথা বিবেচনা করে কমপক্ষে আগামী বছরের এপ্রিল পর্যন্ত ব্যাংক ও এনজিওগুলোর উচিত তাদের ঋণের কিস্তি মওকুফ করে দেওয়া।" তিনি বলেন, "আমি চাই এনজিওগুলো আগামী চার মাসের ঋণের কিস্তি একেবারে মওকুফ করে দিক। তা যদি না হয় তাহলে এই চার মাস পর্যন্ত তারা যেন কিস্তি আদায় করতে অসহায় মানুষকে তাড়া না করে। ব্যাংক ও এনজিওগুলো এই কিস্তির টাকা যেন পরবর্তীতে সমন্বয়ের মাধ্যমে আদায় করে নেয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এআরএইচ/এএইচডি-ইএইচবি/এমএইচবি/এসকে/২১৪০ঘ.