ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিডর আক্রান্ত এলাকায় ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ের ক্ষেত্রে এনজিওগুলোকে আরও সহানুভুতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। একইসঙ্গে ঋণ আদায়ের নীতিমালার বিষয়ে এনজিওগুলোকে সুস্পষ্ট ঘোষণা দিতেও বলেছেন তিনি।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা তাদের বলেন, যেসব ক্ষুদ্রঋণ গ্রহীতার আয়ের সুযোগ আছে তাদের প্রতি না হলেও যাদের আয়ের সুযোগ নেই তাদের প্রতি সহনশীল হোন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ কথা জানান। (আরও তথ্যসহ)
ফাহিম মুনেম বলেন, "ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ের ব্যাপারে এনজিওগুলোকে সুষ্পষ্ট ঘোষণা দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এ ঘোষণা যথাযথভাবে প্রচারের ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছেন তিনি।"
প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের উদাহরণ দিয়ে বলেন, তারা আগামী জুন পর্যন্ত কিস্তি আদায় না করার স্পষ্ট ঘোষণা দিয়েছে। এতে তাদের ঋণ গ্রহীতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। অন্যদেরও একইভাবে ঘোষণা দেওয়ার অনুরোধ জানান তিনি।
প্রেস সচিব বলেন, "সরকার দুর্গত এলাকায় স্বল্প, মধ্য এবং দীর্ঘ- এ তিন দফায় পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রথম পর্যায় হচ্ছে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা দেওয়া। দ্বিতীয় পর্যায়ে জনগণ যাতে গৃহ নির্মাণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারে সেই ব্যবস্থা করা হবে এবং তৃতীয় পর্যায়ে থাকবে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা।"
তিনি বলেন, এনজিও প্রতিনিধিরা মাঠ পর্যায়ে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন বলে বৈঠকে জানিয়েছেন। একইসঙ্গে তারা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনাও চান।
বৈঠকে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, পিকেএসএফ, টিএমএসএস, আরআরএফ, পদক্ষেপ, মানবিক উন্নয়ন কেন্দ্র, শাপলা ফুল, হিলফুল ফজুল, কোডেক, উদ্দীপন, সংকল্প ও ওয়ার্ল্ড ভিশন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া, সরকারের পক্ষে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, কৃষি উপদেষ্টা সি এস করিম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
ফাহিম মুনেম বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিরা বৈঠকে জানান তারা ক্ষতিগ্রস্ত সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরুর জন্য ৩২৭ কোটি টাকার নতুন ঋণ বিতরণ শুরু করেছে। এছাড়া, গৃহ নির্মাণের জন্য ৬৫ কোটি টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হচ্ছে।
আশার প্রতিনিধিরা জানান, নিহতদের বা সম্পদ পুরোপুরি ধ্বংস হয়েছে এমন পরিবারের সদস্যদের শতভাগ ঋণ মওকুফ করেছে তারা। এছাড়া, যারা পঙ্গু হয়েছে বা যেসব পরিবারের তিন চতুর্থাংশ সম্পদ ধ্বংস হয়েছে তাদের শতকরা ৫০ ভাগ ঋণ মওকুফ করা হয়েছে।
সদস্যদের জন্য পাঁচ কোটি ৯০ লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ কর্মসূচি গ্রহণ এবং ১৬ লাখ টাকা অনুদান দেওয়ার কর্মসূচির কথাও জানিয়েছেন আশা'র কর্মকর্তারা।
বৈঠকে পিকেএসএফ এর প্রতিনিধিরা জানান, তাদের ক্ষতিগ্রস্ত সদস্যদের ঋণের কিস্তি আদায় স্থগিত করা হয়েছে। দুর্গত এলাকায় ঋণ পুনঃতফসিলিকরণ ও নতুন ঋণ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, সদস্যদের চাহিদা অনুযায়ী সঞ্চয় ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পিকেএসএফ এর প্রতিনিধিরা আরও জানান, তারা গৃহ পুনঃনির্মাণের জন্য সুদবিহীন ঋণ দেওয়ার জন্য ৫০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন। পাশাপশি নামমাত্র সার্ভিস চার্জ নিয়ে কৃষির জন্য মৌসুমী ঋণ দেওয়া হবে। একইসঙ্গে প্রান্তিক খামারি, জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষায়িত ঋণ দেবেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসএনডি/এসকে/২০৪৬ঘ.
bdnews24