বরিশাল, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় কোনো বেসরকারি সংস্থা (এনজিও) ঋণের কিস্তি আদায় করলে তাদের বিরুদ্ধে জরুরি বিধিমালায় ব্যবস্থা নেবে সরকার। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন এ কথা বলেছেন।
মঙ্গলবার ঘূর্ণিদুর্গত এলাকা পরিদর্শন শেষে বিকেলে বরিশাল বিমান বন্দরের লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার ব্যাপারে এনজিওগুলো সরকারকে আশ্বস্ত করেছে। এরপরও ক্ষতিগ্রস্ত এলাকায় কিছু এনজিও ঋণের কিস্তি আদায় করছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে। এ অভিযোগ তদন্তের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই সব এনজিওর বিরুদ্ধে সরকার জরুরি বিধিমালায় ব্যবস্থা নেবে।"
সংবাদ সম্মেলনে ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা প্রাথমিকভাবে পানি, খাদ্য ও ওষুধ সরবরাহ করছি। এক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনী দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কাজে মুখ্য ভূমিকা পালন করছে।"
তিনি বলেন, "দুর্গত এলাকার জনগণ যে ক্ষতির সম্মুুখীন হয়েছে, তারা যাতে তা পুষিয়ে উঠতে পারে সেজন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। যাদের সম্পূর্ণ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের ১০ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার।"
প্রলয়ঙ্করী সিডরের তাণ্ডবে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং সিডর পরবর্তী উদ্ধার, ত্রাণ ও বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন সেনাবাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. রশিদুজ্জামান।
তিনি বলেন, সিডর এর পর থেকে সেনাবাহিনী দুর্গত এলাকায় দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিধ্বস্ত বিদ্যুৎ ব্যবস্থা, টেলিফোন, রাস্তাঘাট ও আবাসন ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। এগুলো স্বাভাবিক করার পাশাপাশি উপকূলীয় এলাকায় প্রচুরসংখ্যক সাইক্লোন শেল্টার নির্মাণ ও জরাজীর্ণ সেন্টারগুলো মেরামত জরুরি হয়ে পড়েছে।
সভায় উপস্থিত ছিলেন আমেরিকান ব্রিগ্রেডিয়ার জেনারেল রেনাল্ড বেইলি, যশোরের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কমিশনার আওলাদ হোসেন দিলু।
ঝালকাঠির আমূয়া বন্দর এলাকা পরিদর্শন
ঝালকাঠি সংবাদদাতা জানান, যোগাযোগ উপদেষ্টা মঙ্গলবার সকাল ১০ টায় জেলার কাঠালিয়া উপজেলার আমূয়া বন্দর এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা ও আমূয়া ফেরি দ্রুত সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
তিনি বলেছেন, সিডর বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছাতে ও পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
উপদেষ্টার সঙ্গে ছিলেন সেনা বাহিনীর যশোরের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম, ঝালকাঠি সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল এবিএম ইকবাল আজিম, ঝালকাঠি জেলা প্রশাসক হরিপ্রসাদপাল, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পাথরঘাটায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা
বরগুনা প্রতিনিধি জানান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী মঙ্গলবার জেলার পাথরঘাটা উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন।
তিনি দুপুর ১২টায় উপজেলার জিয়া মাঠে ৩৫০জন ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি সবাইকে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ বিতরণ কাজ পরিচালনার আহ্বান জানান।
তপন চৌধুরী বলেন, "কারো বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতা পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
উপদেষ্টার সঙ্গে ছিলেন, সৌদি রিলিফ কমিশনের কর্মকর্তা ইব্রাহিম আল হুমাইদ ও সুলতান আল সুবাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/এমএইচবি/১৯২০ ঘ.
bdnews24