২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ: আজিজুল

খাদ্য নিরাপত্তা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খাদ্য নিরাপত্তা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। সোমবার রাজধানীর হোটেল শেরাটনে 'বাংলদেশের উন্নয়ন সম্ভাবনা: নতুন বাধা' শীর্ষক এক সম্মেলনে উপদেষ্টা বলেন, আবাদযোগ্য ভূমি কমে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি ও উৎপাদক দেশগুলো খাদ্য রপ্তানি কমিয়ে দেওয়ায় খাদ্য নিরাপত্তার বিষয়টি একটি বাড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সরকার খাদ্য সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ তাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। অর্থনীতিবিদ অধ্যাপক নূরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপদেষ্টা বলেন, এ বছর দুটো বন্যা ও ১৫ নভেম্বর ঘূর্ণিঝড়ের আঘাতে ১৬ লাখ টন আমন ফসল নষ্ট হয়েছে। ফলে খাদ্য নিরাপত্তার বিষয়টি আরও বেশি হুমকির মুখে পড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও খাদ্যশস্যের দাম বাড়ছে। এসব কারণে 'আমরা সংকটের মুখোমুখি' বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বাংলাদেশের অন্যান্য সমস্যার মধ্যে জনগণের সচেতনতার অভাব, দুর্বল অবকাঠামো, দুর্বল শাসন ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতার অভাব, মানব সম্পদ উন্নয়নে পিছিয়ে থাকা ও জলবায়ুর পরিবর্তনের কথা উল্লেখ করেন। অধ্যাপক এ আর খান তার বক্তৃতায় শ্রমঘনিষ্ট শিল্পগুলোর জন্য বিশেষ নীতিমালা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দীন মাহমুদ জানান, স্বাস্থ্য ও শিক্ষাসহ দেশে সুশাসন প্রতিষ্ঠা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুস্তাভ রানিস বলেন, সমাজে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। প্রবৃদ্ধি অর্জনের প্রতি বেশি মনোযোগ দেয়ার কারণে এই বৈষম্য আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অবকাঠামোগত দুর্বলতার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, অবকাঠামো উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুশাসনের জন্যও সরকারি-বেসরকারি সহযোগিতা দরকার বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/২১৫৯ ঘ.