২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেদের গ্রেপ্তারের দাবিতে বরিশাল পলিটেকনিকে মানববন্ধন

বহিরাগত বখাটেদের উৎপাত বন্ধ ও গ্রেপ্তারের দাবিতে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী সোমবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

বরিশাল, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বহিরাগত বখাটেদের উৎপাত বন্ধ ও গ্রেপ্তারের দাবিতে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী সোমবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একইসঙ্গে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করে। পরে কলেজ অধ্যক্ষ বখাটেদের গ্রেপ্তার এবং আবাসিক হোস্টেলে বহিরাগতদের প্রবেশ বন্ধের আশ্বাস দিলে তারা অবস্থান ধর্মঘট তুলে নেয়। ইনস্টিটিউটের নতুন ছাত্রাবাসের তত্বাবধায়ক ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান মজিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৮ নভেম্বর স্থানীয় যুবক রনোর নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক ছাত্রাবাসে প্রবেশ করে মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের আবাসিক ছাত্র অনিমেষ হালদারকে মারধর করে। এ সময় যুবকরা অনিমেষের সঙ্গে থাকা দুই হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়।" তিনি বলেন, বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানানো হলে তিনি এ বিষয়ে সমঝোতার দায়িত্ব দেন তাকে। নগরীর গোড়াচাঁদ দাস রোড়ের অরুণালয়ে বসবাসকারী রনোর পরিবারের সঙ্গে তিনি এ নিয়ে আলোচনা করেন। রনো'র পরিবার থেকে তাকে কোনো ধরনের সাহায্য না করায় বিষয়টি সুরাহা হয়নি। মজিবুর আরও জানান, তিনি রনোর পরিবারের সঙ্গে আলোচনা করায় ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে রোববার আবার ছাত্রাবাসে প্রবেশ করে। এ সময় তারা অনিমেষ হালদার ও অপর অবাসিক ছাত্র রেজওয়ান ইসলামকে হুমকি দেয় বলে ছাত্ররা তাকে জানিয়েছে। তিনি বলেন, "এ ঘটনার পর রাতেই ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বখাটেদের গ্রেপ্তারের দাবিতে ছাত্ররা ক্যাম্পাসে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের মধ্যে অর্ধশত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কক্ষে অবস্থান ধর্মঘট পালন করে।" এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বিষয়টি কোতয়ালী থানাকে অবহিত করেছি। কিন্ত তারা কোন ব্যবস্থা নেয়নি। আজও (সোমবার) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা র‌্যাব কর্মকর্তাদের কাছে ফোন করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।" ক্যাম্পাসে উপস্থিত কোতয়ালী থানার উপ-পরিদর্শক গোপাল সরকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে সমস্য হয়েছে এ সংবাদের ভিত্তিতে দায়িত্ব পালনের জন্য এসেছি। আগের ঘটনা আমার জানা নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৮৩৬ ঘ.