বরিশাল, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর বালুরমাঠ বস্তির নারীরা সোমবার দুপুরে ভিজিএফ কার্ডের মাধ্যমে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীরা জানান, গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় আঘাত হানার পর সোমবার পর্যন্ত তারা কোনো সরকারি ত্রাণ পাননি। ত্রাণের দাবিতে বেলা ১২টার দিকে তারা শহরের শিশুপার্কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় আধঘণ্টা পর তারা কেডিসি ঘাটের দিকে চলে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া বরুজান বিবি বলেন, "মোগো ঘর ঝড়ে উড়াইয়া লইয়া গ্যাছে। মোরা খোলা আহাশের নিচে আছি। মোগে সামনে দিয়া ত্রাণ লইয়ে যায়, আর মোরা থাহি না খাইয়া। এইডা হইতে পারে না। হের লাইগ্যা মোরা রাস্তায় নামছি। ত্রাণ না পাইলে রাস্তা দিয়ে আর ত্রাণের গাড়ি যাইতে দিমু না।"
বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বিক্ষোভের কথা শুনিনি। তবে বস্তিতে পুলিশ পাঠাচ্ছি। তারা খোঁজ নিয়ে আসবে।"
বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, সরকার দুর্গত এলাকায় ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণের জন্য খাদ্য বরাদ্দ দিলেও বরিশাল সিটি করপোরেশন এলাকাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। ফলে নগরীর ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা এ সুবিধা পাবেন না।
ওয়ার্ড কমিশনার নিজামুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড়ে নগরীর ৩০টি ওয়ার্ডে বেশকিছু ছোট কাঁচাঘর, বস্তি, ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভারপ্রাপ্ত সিটি মেয়র আওলাদ হোসেন দিলু গত ২৬ নভেম্বর ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রে ২১ হাজার ভিজিএফ কার্ডের চাহিদাপত্র পাঠিয়েছেন। তবে এখনো এজন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
করপোরেশনের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে ২৫ লাখ টাকা দেয়া হলেও সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের জন্য বরাদ্দ দিয়েছে মাত্র ২ লাখ টাকা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র জানিয়েছে, জেলায় ২ লাখ ২৫ হাজার দুর্গতকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। সদর উপজেলায় শনিবার থেকে চাল বিতরণ শুরু হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমআই/১৮২৬ ঘ.
bdnews24