মাদারীপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে সোমবার মাদারীপুরের শিবচর উপজেলার খানাকান্দি গ্রামে ছয়টি বাড়িত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এতে আহত হয়েছে ১০ জন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন জানান, জমি নিয়ে খানাকান্দি গ্রামের সামাদ মুন্সীর সঙ্গে সিদ্দিক বেপারীর বিরোধ চলছিলো। সিদ্দিক বেপারীর অভিযোগ, তাদের ২৪ শতাংশ জমি ভুয়া রেকর্ড করে নেয় সামাদ মুন্সী। তিন মাস আগে এ নিয়ে সালিশও হয়। বিরোধের জের ধরে সোমবার দুপুরে সামাদ মুন্সি লোক জন বেপারীবাড়িতে হামলা চালায় বলে সিদ্দিক বেপারীরা অভিযোগ করেছে।
হামলায় আহত শিল্পী বেগম (২৫), তানজির (৫), জরিনা বেগম (৪৫), হাসিনা বেগম (৪০), বিউটি আক্তার (১৫), আমেনা বেগম (৭০), আহাদ (৯), দেলোয়ার বেপারী (৩৫), আনোয়ার বেপারী (৩২), রহমান বেপারী (৩৮) কে শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
আহতরা পুলিশের কাছে অভিযোগ করেছে, হামলাকারীরা বাড়ির মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করেছে।
এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে ওসি নূর হোসেন বলেন, "ভাংচুর-লুটপাট যা হয়েছে তা অমানবিক।"
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.
bdnews24