চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানার অক্সিজেন রেল গেট এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে এনায়েত উল্লাহ(৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুর ১টার দিকে পাহাড়তলী থানার কর্নেল হাট এলাকা থেকে এনায়েতকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি অটো রিকশাসহ গ্রেপ্তার করা হয় বলে বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারে এনায়েতকে নিয়ে অভিযান চালানো হচ্ছে।"
মতিউল ইসলাম জানান, ব্যাংকে টাকা তোলার পর থেকেই ব্যবসায়ী কামাল মিয়াকে অনুসরণ করা হচ্ছিল বলে এনায়েত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
কামাল মিয়ার কাছ থেকে রোববার দুপুরে ৩ লাখ ৭৬ হাজার টাকা ছিনতাই হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৫৯ ঘ.
bdnews24