২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণকারী যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মাত্র আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মিরপুর-১ নম্বরের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার এ রায় দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ৫ নম্বর ট্রাইবুনালের বিচারক মো. শামসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাত্র আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মিরপুর-১ নম্বরের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার এ রায় দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ৫ নম্বর ট্রাইবুনালের বিচারক মো. শামসুল হক। ১৯৯৮ সালের ৬ এপ্রিল দুপুরে মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলী দরগাহ প্রাথমিক বিদ্যালয়ের খালি কক্ষে নিয়ে দণ্ডিত অলিয়ার রহমান ঐ শিশুকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে স্কুলের বাথরুমে ফেলে রাখা হয়। ঈদুল আযহার ছুটি থাকায় এ সময় স্কুল ভবনটি নির্জন ছিল। রায়ের বিবরণ ও মামলার ঘটনায় জানা যায়, ঘটনার আগে শিশুটি স্কুলের পাশে রাস্তায় একা দাঁড়িয়ে কোরবানির গরু দেখছিল। দণ্ডিত অলিয়ার এক প্যাকেট চিপস কিনে দিয়ে তাকে কোলে তুলে স্কুলে নিয়ে যায়। এলাকাবাসী শিশুটিকে স্কুলের বাথরুম থেকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। পরিদর্শক মো. নাসির উদ্দিন পাইক তদন্ত শেষে ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে দীর্ঘ ৯ বছর ধরে ১৭ জনের সাক্ষ্য নেয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডিতের আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে শিশুটির পিতা ব্যবসায়ী রুহুল আমিন রায়ে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও অ্যাডভোকেট দুলাল মিত্র। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মজিবর রহমান, আবদুল হালিম প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৭২৪ঘ.