ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--এক কোটি ২০ লাখ টাকার চাঁদাবাজির মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত এ মামলার কার্যক্রমও স্থগিত করে দিয়েছে।
এছাড়া মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা এবং মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে রুলনিশি জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব (আইন-১), পুলিশ মহাপরিদর্শক, ঢাকার পুলিশ সুপার, ও ঢাকা মহানগর মুখ্য হাকিমকে আগামী আট সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান ও বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কোকোর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
গত ১৬ মে বিজ্ঞাপনী সংস্থা অ্যাড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক কোকোর ব্যবসায়িক অংশীদার আবু আহাম্মেদ জায়েদান রাব্বি কোকোর বিরুদ্ধে এক কোটি ২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলাটিতে কোকোর দুই শ্যালক মোস্তাকিম রেজা ও মোন্তাকিন রেজাকেও আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তিনজন বিভিন্ন সময় মাসিক ও এককালীন ভিত্তিতে বাদীর কাছ থেকে এক কোটি ২০ লাখ টাকা চাঁদা নিয়েছেন।
মামলাটি গত ২৫ মে জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়। এর বৈধতা এবং মামলার কার্যক্রম চ্যালেঞ্জ করে কোকো রিট দায়ের করেন।
গত ৩ সেপ্টেম্বর কোকোকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৪১১ঘ.
bdnews24