২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট দেওয়া শুরু

ঢাকার বাইরে প্রথমবারের মতো 'ওয়ান স্টপ সার্ভিস' এর মাধ্যমে পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে মুন্সিগঞ্জে। রোববার সকালে জেলা কালেক্টরেট কার্যালয়ে ওয়ান স্টপ সেবা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনির উদ্দিন। পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার বাইরে প্রথমবারের মতো 'ওয়ান স্টপ সার্ভিস' এর মাধ্যমে পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে মুন্সিগঞ্জে। রোববার সকালে জেলা কালেক্টরেট কার্যালয়ে ওয়ান স্টপ সেবা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনির উদ্দিন। পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। জেলায় পাসপোর্ট কার্যক্রমের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট শামসুল হক জানান, প্রথম দিন ওয়ান স্টপ সেবার মাধ্যমে মুন্সিগঞ্জে ৮০টি পাসপোর্ট দেওয়া হয়। কাগজপত্র জমা দেওয়ার এক ঘণ্টার মধ্যেই পাসপোর্ট পেয়েছে আবেদনকারীরা। গত সেপ্টেম্বরে এই জেলায় চালু হওয়া পাসপোর্ট কার্যালয় থেকে এ পর্যন্ত সাত হাজার পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলেও তিনি জানান। পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, 'মোস্ট ওয়ানটেড' তালিকাভুক্ত আসামিদের তালিকা পাসপোর্ট অফিসে আছে। আর বিশেষ ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ফোনেও আলাপ করার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে তালিকাভুক্ত আসামিরা সহজে ওয়ান স্টপ সেবার সুযোগ নিয়ে পাসপোর্ট তৈরি করতে পারবে না। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে সোনালী ব্যাংকের শাখাটি চালু না হলে পাসপোর্ট করতে বিদ্যমান বিড়ম্বনা রয়ে যাবে বলে মনে করেন আবেদনকারীরা। এ ব্যাপারে সোনালী ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. আব্দুল খালেক জানান, এ বিষয়ে তিনিও একমত। লোকবল কম থাকায় প্রশাসকের কার্যালয়ের কাছের শাখাটি চালু করা যাচ্ছে না বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২২২ ঘ.