২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা নিষ্পত্তির হার বেড়েছে নিম্ন আদালতে

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পর নিম্ন আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে। ফলে জনগণের কাছে পৃথক করার সুফল পৌঁছাতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 02:51 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পর নিম্ন আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে। ফলে জনগণের কাছে পৃথক করার সুফল পৌঁছাতে শুরু করেছে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ইকতেদার আহমেদ রোববার তার কার্যালয়ে সুপ্রিম কোর্টের পক্ষে ডাকা এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ইকতেদার আহমেদ জানান, গত ১ নভেম্বর বিচার বিভাগ আলাদা হওয়ার আগে দেশের ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৩ হাজার ৩৪৪টি। নভেম্বর মাসে ম্যাজিস্ট্রেট আদালতগুলো ৩৩ হাজার ১০৪টি মামলা নিষ্পত্তি করেছেন। এ মাসে ৩৪ হাজার ১৩১টি নতুন মামলা দায়ের হওয়ার পর এখন বিচারাধীন মামলার মোট সংখ্যা ৫ লক্ষ ৬৪ হাজার ৩৭১টি। ম্যাজিস্ট্রেট আদালতে অনুমোদিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংখ্যা ৬৫৫ জন হলেও এখন মাত্র ২৪২ জন দায়িত্ব পালন করছেন বলে জানান ইকতেদার আহমেদ। তিনি বলেন, "ঢাকার সিএমএম আদালতে আগে ২৫ জন ম্যাজিস্ট্রেট বিচারকাজ করতেন। তারা সেপ্টেম্বর মাসে ৬ হাজার ৮৬৪টি মামলা নিষ্পত্তি করেছেন। এ হিসেবে তখন একজন ম্যাজিস্ট্রেট ২৭৫টি মামলা নিষ্পত্তি করেছেন। আর গত মাসে (নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গতমাসে ৯ হাজার ছয়টি মামলা নিষ্পত্তি করেন। এ হিসেবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গড়ে সাড়ে সাতশটি মামলা নভেম্বর মাসে নিষ্পত্তি করেছেন। তিনি বলেন, একইভাবে চট্টগ্রাম সিএমএম আদালতে সেপ্টেম্বর মাসে সাতজন ম্যাজিস্ট্রেট ১১শ ২০ টি মামলা নিষ্পত্তি করেন। তাদের মামলা নিষ্পত্তির হার ছিল একজনে ১৬০টি। নভেম্বরে সেখানে পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৫শ ৭৯টি মামলা নিষ্পত্তি করেছেন। তাদের মামলা নিষ্পত্তির হার একজনে ৩১২টি। ইকতেদার আহমেদ বলেন, "বিচার বিভাগ পৃথক করা জনগণের দীর্ঘদিনের দাবির ফসল। জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। সীমিত জনবল নিয়ে নিয়ে কাজ করে সফলতা দেখা গেছে। এই সফলতা ধরে রাখতে পারলে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের শুন্য পদ পূরণ হলে যে আশা নিয়ে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়েছে তা পূরণ হবে।" তারেক রহমানের রিমান্ড আদেশের ক্ষেত্রে সরকার আদালতকে প্রভাবিত করেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান ইকতেদার আহমেদ। অবশ্য তিনি বলেন, "সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে প্রভাবিত করছে না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন।" অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার জন্য এর আলাদা সচিবালয় দরকার। এজন্য সুপিম কোর্ট ব্যবস্থা নিয়েছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ইনায়েত হোসেন ও দলিলউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০৪৪ ঘ.