ঢাকা,ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --অবশেষে গুটিশুটি মেরে একটু একটু করে শীত নামতে শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এবার মধ্য ডিসেম্বরে সারাদেশে তীব্র শীত পড়বে।
রোববার ঢাকার আকাশ সকাল থেকেই ছিল মেঘলা। সেই সঙ্গে ছিল হালকা কুয়াশা। (আরো তথ্যসহ)
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এটি ডিসেম্বর মাসের শীত মৌসুমের স্বাভাবিক ধরন। তবে খুব শিগগিরই ঢাকা ও এর আশে পাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর ঘন কুয়াশা না পড়ায় রোদের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তদরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা হ্রাস পাবে ও শীতের অনুভুতি বাড়তে থাকবে। দেশের নদ-নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে সকালের দিকে হালকা ও মাঝারী ধরনের কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।
এতে বলা হয়েছে, নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সিডরের কারণে দেশে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে। সারাদেশে সামগ্রিকভাবে প্রায় শতকরা ১১২ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে।
রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী বিভাগে (১৬. ২ ডিগ্রি সেলসিয়াস)। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট বিভাগে (২৮ ডিগ্রি সেলসিয়াস)। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস । এছাড়া ঢাকায় সর্বোচ্চ ২৭.৩ ও সর্বনিম্ন ১৬.৯, চট্টগ্রামে সর্বোচ্চ ২৭.২ ও সর্বনিম্ন ১৯.৫, খুলনায় ২৭.০ ও সর্বনিম্ন ১৭.৫ এবং বরিশালে সর্বোচ্চ ২৭.৫ ও সর্বনিম্ন ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিআর/এসকে/২০০৪ঘ.
bdnews24