ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিকভাবেই পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করতে হবে বলে অভিমত দিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
বর্তমানে দেশে একটি 'হিংসা ও বিদ্বেষমুক্ত পরিবেশ' বিরাজ করছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেছেন, "এর সদ্ব্যবহার করে দেশে সৎ ও সঠিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে যা পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।"
রোববার জাতীয় প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রামের 'শান্তিচুক্তির দশ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভাটি আয়োজন করে পার্বত্য চট্টগ্রামের সমঅধিকার প্রতিষ্ঠা লিয়াঁজো কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবর্ত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা, সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ইব্রাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাসান মোহাম্মদ, আব্দুল গফুর, গবেষক আতিউর রহমান প্রমুখ।
মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, "পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ব্যাপারে স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিশ্বাস ও আস্থা গড়ে উঠেছে। ফলে সেখানে শান্তি-শৃংঙ্খলা ফিরে এসেছে। তবে শান্তিচুক্তি কতটুকু বাস্তবায়িত হয়েছে বা কতটুকু বাস্তবায়ন হওয়া উচিত সে বিষয়টি পর্যালোচনা করে দেখার সময় এসেছে।"
বিষয়টি পর্যালোচনা করে দেখার জন্য তিনি সরকারের কাছে আবেদন জানান।
পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে একটি জটিল ও বড় সমস্যা আখ্যায়িত করে মইনুল হোসেন বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে 'সামান্য কিছু ভুলভ্রান্তি' থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তখন স্বাধীন বাংলাদেশের প্রত্যেক নাগরিককে জাতিগোষ্ঠী পরিচয় নির্বিশেষে বাঙালি বানানোর চেষ্টা করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, "রাজনৈতিক নেতৃত্বের এই অদূরদর্শী সিদ্ধান্ত পাবর্ত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলেছিল।"
রাজনৈতিক নেতৃত্বকেই প্রজ্ঞা ও বিবেচনার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এ সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই দাবি করে মইনুল বলেন, "এ সরকার একটি অরাজনৈতিক সরকার। এ কারণে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানই এর প্রধান কাজ। এমুহূর্তে সরকার অন্য কোন গুরুত্বপূর্ণ কাজ হাতে নিতে পারছে না।"
উপদেষ্টা বলেন, "পার্বত্য এলাকায় জাতীয় ঐক্য না করে অনেক বুদ্ধিজীবী তাদের বক্তৃতা -বিবৃতির মাধ্যমে অনৈক্যের সৃষ্টি করেছেন। পার্বত্য এলাকার নাগরিকদের সমঅধিকারের ভিত্তিতে ঐক্যের মাধ্যমে বসবাস করতে হবে। সকলকে সাম্য বজায় রাখতে হবে।"
পাবর্ত্য জেলার অধিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "এটি একটি আইনগত বিষয়। এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৫৪৪ঘ.
bdnews24