সিরাজগঞ্জ, ডিসেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - তাড়াশ উপজেলায় প্রায় ১০৪ জন চরমপন্থী ও তাদের সহযোগী আত্মসমর্পণ করেছেন। এদের সবার বাড়ি তাড়াশের দেওরা ও কুণ্ডাশন গ্রামে।
শনিবার সকাল ১১টার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগারী গ্রামে এক আত্মসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে তারা অনিশ্চয়তার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ গ্রহণ করে।
আত্মসমর্পণকারীদের মধ্যে রেজাউল, জনক, বিনশু ও আলতাফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বাকিরা জামিন পেয়েছেন।
তাড়াশ পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আইয়ূব।
দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, "এ শুভ উদ্যোগের ফলে আমরা যা আজ অর্জন করলাম তা সত্যিই চরমপন্থী দলের সদস্য ও তাদের সহযোগীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। আমরা অবশ্যই তাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে অপরাধ বিবেচনা করার সরকারের কাছে সুপারিশ করব।"
তিনি বলেন, এ অনুষ্ঠনে যারা আত্মসমর্পণ করেনি তাদের অবশ্যই ১৫ দিনের মধ্যে পুলিশের কাছে ধরা দিতে হবে। তা না হলে পুলিশ বরাবরের মতো কঠোর পদকেক্ষ নেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১৪২ ঘ.
bdnews24