২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দুর্ভিক্ষের কোনো আশঙ্কা করছে না : কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা সিএস করিম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে এবার আমনের উৎপাদন ৮ লাখ টন কম হবে। এই খাদ্য ঘাটতি মেটাতে সরকারের ১৫শ' কোটি টাকা দরকার হবে বলে উল্লেখ করেছেন তিনি। সরকার আপাতত দুর্ভিক্ষের কোনো আশঙ্কা করছে না বলেও জানিয়েছেন কৃষি উপদেষ্টা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা সিএস করিম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে এবার আমনের উৎপাদন ৮ লাখ টন কম হবে। এই খাদ্য ঘাটতি মেটাতে সরকারের ১৫শ' কোটি টাকা দরকার হবে বলে উল্লেখ করেছেন তিনি। সরকার আপাতত দুর্ভিক্ষের কোনো আশঙ্কা করছে না বলেও জানিয়েছেন কৃষি উপদেষ্টা । ভারত সরকার চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেই দেশে খাদ্যের অভাব থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব আব্দুল আজিজ, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শফিকুল ইসলাম, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা বলেন, "সরকার আপাতত দুর্ভিক্ষের কোনো আশঙ্কা করছে না। দেশে যাতে দুর্ভিক্ষ না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ভারত সরকার চাল রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা তুলে নিলেই দেশে আর খাদ্যের অভাব থাকবে না।" সিএস করিম বলেন, "ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছেন, তার সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। ভারত রপ্তানি করতে রাজি না হলে থাইল্যান্ড বা ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হবে।" উপদেষ্টা জানান, ঘূর্ণিঝড় সিডরে ৫ লাখ ৫৩ হাজার ৮৮৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমনের ক্ষতি হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৬৩৮ হেক্টর জমির। এতে আমন ধানের উৎপাদন এবার প্রায় ৮ লাখ টন কম হবে। এজন্য ১৯ লাখ টন চাল আমদানির প্রয়োজন হবে। এই খাদ্য ঘাটতি মেটাতে সরকারের দরকার হবে ১৫শ' কোটি টাকা। দেশের খাদ্য পরিস্থিতির কথা জানাতে গিয়ে উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরে দেশে ২১ দশমিক ৯৮ লাখ টন খাদ্যশস্যের প্রয়োজন। এ পর্যন্ত ১১ দশমিক ২২ লাখ টন সংগ্রহ করা গেছে। এর মধ্যে খরচ হয়ে গেছে ৩ দশমিক ৯৬ লাখ টন। আর মজুদ রয়েছে ৭ দশমিক ২৬ লাখ টন। এছাড়া ২০০৮ সালের মার্চ পর্যন্ত খাদ্যশস্যের চাহিদা ৭ দশমিক ৬১ লাখ টন। এখনকার মজুদের কথা বিবেচনা করলে আগামী ৭ মাসে ১৮ দশমিক ৯৫ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করতে হবে বলে জানান উপদেষ্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/২২৩৪ঘ.