ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - উন্নয়নের পথে অগ্রসর হতে সমাজের সর্বস্তরে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে হবে।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ শনিবার শেরে বাংলা নগরের জাতীয় প্যারেড স্কোয়ারে চতুর্দশ ঢাকা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "আজকাল পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে বই উপহার দেওয়ার প্রথা প্রায় উঠে গেছে। অপ্রয়োজনীয় বা চোখ ধাঁধানো জিনিসপত্র দেওয়াই অভ্যাসে পরিণত হয়েছে। আসুন আমরা এ অভ্যাস পরিত্যাগ করি।"
তিনি বলেন, এটা সর্বস্বীকৃত যে জ্ঞানসমৃদ্ধ সমাজ তৈরিতে বইয়ের কোনও বিকল্প নেই।
ঢাকা বই মেলা চলবে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে 'আনন্দ ও সমৃদ্ধির জন্য বই'। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থ কেন্দ্র এ মেলার আয়োজন করেছে। ১২৩টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
প্রধান উপদেষ্টা তার ভাষণে আরও বলেন, অনেক কারণেই বাংলাদেশে পারিবারিক বা ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করা সম্ভব না। তবে সম্মিলিত উদ্যোগে প্রতি পাড়া বা মহল্লা বা ইউনিয়নে একটি লাইব্রেরি স্থাপন করা মোটেই অসম্ভব নয়। স্থানীয় সরকার ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, সমাজ সচেতন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এক্ষেত্রে এগিয়ে এসেছে। তিনি এ প্রসঙ্গে কিছু ভ্রাম্যমান লাইব্রেরি স্থাপিত হওয়ার কথা উল্লেখ করেন।
এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে সরকার এক্ষেত্রে সহায়তা করবে।
প্রধান উপদেষ্টা সামাজিক অনুষ্ঠানগুলোতে প্রিয়জনদের বই উপহার দেওয়ার পাশাপাশি জনসাধারণকে সামর্থ অনুযায়ী প্রতিমাসে একটি করে বই কেনার অনুরোধ জানান।
অনুষ্ঠানে সুশীল সমাজের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও প্রকাশকদের পক্ষ থেকে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের স্বত্তাধিকারী মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ বি এম আবদুল হক। জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক এম মাহমুদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১২৪ঘ.
bdnews24