ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী ও কক্সবাজারে শনিবার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। সিলেট ও যশোরে ট্রেনের কাটা পড়ে মারা গেছেন দুজন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কক্সবাজার প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁও স্টেশনে সকাল সাড়ে ৬টার দিকে পিকআপের চাপায় এক রিকশাচালক নিহত হন।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ি দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ জাহেদ জানান, কক্সবাজার থেকে আসা পিকআপটি ঈদগাঁও স্টেশনে দাঁড়িয়ে একটি রিকশাকে চাপা দিলে রিকশাচালক আবু নাসের (২৫) ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বাড়ি ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজপাড়া গ্রামে।
পিকআপটি আটক করা যায়নি।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চৌমাথা এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন একই বাসের হেলপার।
সদর থানার উপ-পরিদর্শক সুকুমার ঘোষ জানান, সঞ্জয় নামের ওই হেলপার কলাপাড়া থেকে আসা ওই বাসেই কাজ করতো।
পুলিশ বাস এবং এর চালক আমির হোসেনকে আটক করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
সিলেট প্রতিনিধি জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে লালমাটিয়া এলাকায় রাস্তায় পাতা কুড়ানোর সময় শনিবার দুপুর ১২ টার দিকে একটি প্রাইভেট কারের চাপায় নূরজাহান বেগম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার দলিল কান্দা গ্রামে। তিনি লালমাটিয়ার একটি বস্তিতে থাকতেন।
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নন্দন কান্তি ধর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমাটিয়া এলাকার সোনারগাঁ আবাসিক প্রকল্পের সামনে দ্রুতগতির একটি প্রাইভেট কার নূরজাহান বেগমকে (৫০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করেছে।
এছাড়া সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারি এলাকায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা (৬৫) ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন।
সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, শুক্রবার বিকালে ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। ওইদিন সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়।
বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯টার দিকে নাভারন রেল স্টেশনে বেনাপোলগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে সাফিয়া খাতুন নামে এক নারী মারা যান।
তার বাড়ি ঝিকরগাছা উপজেলার নবীনগর গ্রামে।
রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএআর/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24