ঢাকা, ১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিশ্ব এইডস দিবস উপলক্ষে সাইকেল চালকদের স্বেচ্ছাসেবী সংগঠন 'সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন ফর পিস' (কাপ) ও মাদকাসক্তি নিরাময় সংস্থা 'পুনর্জীবন' এর উদ্যোগে দেশব্যাপী বাইসাইকেলযোগে একটি ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান শুরু হয়েছে। শনিবার সকালে পাঁচ সাইক্লিস্ট টেকনাফ থেকে যাত্রা শুরু করেন।
সকাল ১০টায় টেকনাফ উপজেলা সদরে ইউএনও মো: আলতাফ হোসেন এবং বেসরকারি সংস্থা শেড, এসিএলএবি, কেয়ার,নোঙর,নারী মৈত্রী, এফএইচআই এবং কনসার্ন এর দুই শতািিধক সদস্য ও উৎসাহী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রার মাধ্যমে সাইকেল আরোহীদের যাত্রা শুরু হয়।
টেকনাফ শহর প্রদক্ষিণশেষে সাইক্লিস্টরা কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন।
এইডস দিবসে দেশের সর্বদক্ষিণের টেকনাফ থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর ঢাকায় এসে প্রথম পর্যায়ের প্রচারিভাযানটি শেষ হবে। দ্বিতীয় পর্যায়ে ১৩ জানুয়ারি উত্তরপ্রান্তের তেঁতুলিয়া থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০০৮ ঢাকায় এসে শেষ হবে।
যাত্রাপথে তারা সভা,র্যালির আয়োজনের পাশাপাশি লিফলেট বিতরণের মতো নানান প্রচারণামুলক কার্যক্রমে অংশ নেবেন।
সাইকেলে এ পথ পরিক্রমা করছেন সুব্রত দাস নীতিশ, মোঃ নুরুজ্জামান, রাতুল আহমেদ, মামুন খান ও মোখলেস হোসেন সজীব। তবে দেশের যে কোনো অঞ্চলের আগ্রহী সাইক্লিস্টদেরকে পথে যে কোনো যায়গায় অংশগ্রহণ করতে আহবান জানিয়েছেন উদ্যোক্তারা।
এ প্রচারাভিযানে যোগ দিতে আগ্রহী সাইক্লিস্ট বা উৎসাহী যে কাউকে রুটের ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য মোবাইল নম্বর ০১৭১২৩৭৩৭৪৪ এবং ০১১৯১২২৪৮৯৯ এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৯০৫ঘ.
bdnews24