২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দল প্রাইভেট কোম্পানি নয় যে প্রশ্ন তোলা যাবে না: মইনুল

আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, রাজনৈতিক দল কোনো প্রাইভেট কোম্পানি নয় যে তা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। যে কোনো ব্যক্তি রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে কথা বলতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

গাজীপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, রাজনৈতিক দল কোনো প্রাইভেট কোম্পানি নয় যে তা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। যে কোনো ব্যক্তি রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে কথা বলতে পারেন। শনিবার গাজীপুরে টেলিযোগযোগ স্টাফ কলেজে বিসিএস ক্যাডার ও জুডিশিয়াল কর্মকর্তাদের ৪২ দিনব্যাপী ভূমি জরিপ ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শেষে মইনুল হোসেন এ কথা বলেন। ২৭ নভেম্বর নির্বাচনী আইন সংস্কার নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নিশ্চিত করার জন্য গঠনতন্ত্রে পরিবর্তন আনার কথা বলেছিলেন। সিইসির এ বক্তব্য সম্পর্কে সাংবাদিকরা উপদেষ্টার মতামত জানতে চাইলে তিনি বলেন, "দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে কিন্তু রাজনৈতিক দলে গণতন্ত্র থাকবে না তা হতে পারে না।" মইনুল হোসেন আরও বলেন, দেশের প্রতি ইঞ্চি ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত হওয়া দরকার। দেশের আকার আয়তন ও ক্রমবর্ধমান জনসংখ্যা আমাদেরকে ভূমির ব্যবহার সম্পর্কে অধিকতর সচেতন হবার তাগিদ দিচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কোটায় আনতে না পারায় ভূমি ও জনসংখ্যার আনুপাতিক বিন্যাসের বর্তমান হারও স্থির থাকবে না। ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক স্বচ্ছ ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভূমি বিষয়ক বিভিন্ন আইনকানুন পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করা হচ্ছে বলে আইন উপদেষ্টা জানান। তিনি বলেন, জনগণকে অধিকতর সেবা দেওয়ার লক্ষ্যে ভুমি রেকর্ড ব্যবস্থাপনাকে আধুনিকীকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ভূমি বিষয়ক জটিলতা অনেকাংশে হ্রাস পাবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভুমি মন্ত্রণালয়ের সচিব মো. মোসলেউদ্দিন, ভূমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান, ভূমি রেকর্ড জরিপ বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএ/১৮৪৫ ঘ.