ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী ও কক্সবাজারে শনিবার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এদিকে যশোরে ট্রেনের কাটা পড়ে মারা গেছে এক জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কক্সবাজার প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁও স্টেশনে সকাল সাড়ে ৬টার দিকে পিকআপের চাপায় এক রিক্সাচালক নিহত হয়।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ি দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ জাহেদ জানান, কক্সবাজার থেকে আসা পিকআপটি ঈদগাঁও স্টেশনে দাঁড়িয়ে একটি রিকশাকে চাপা দিলে রিকশাচালক আবু নাসের (২৫) ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের বাড়ি ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজপাড়া গ্রামে।
পিকআপটি আটক করা যায়নি।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চৌমাথা এলাকায় বাস চাপায় এক বাসের হেলপার নিহত হয়।
সদর থানার উপ-পরিদর্শক সুকুমার ঘোষ জানান, কলাপাড়া থেকে আসা একটি বাসের চাপায় সঞ্জয় নামে ওই বাসের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারায়। সঞ্জয়ের বাসটি ওই সময় চৌমাথায় দাঁড়িয়ে ছিল।
পুলিশ ঘাতক বাস এবং এর চালক আমির হোসেনকে আটক করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯টার দিকে নাভারন রেল স্টেশনে বেনাপোলগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে সাফিয়া খাতুন নামে এক নারী মারা যায়।
নিহতের বাড়ি ঝিকরগাছা উপজেলার নবীনগর গ্রামে।
রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৯ ঘ.
bdnews24