২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোধনের আবৃত্তি অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচার দাবি

যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিচার দাবি করেছেন চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত আলোচনা সভার বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 05:37 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিচার দাবি করেছেন চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত আলোচনা সভার বক্তারা। শুক্রবার সন্ধ্যায় 'এখনো ঘাতক বিক্ষত করে সোনার বাংলাদেশ' শিরোনামের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন ও কবি-সাংবাদিক আবুল মোমেন। অধ্যাপক অনুপম সেন বলেন, "বাংলাদেশ আজ কোনোদিক দিয়ে ভাল অবস্থায় নেই। আমাদের স্বাধীনতা, রক্ত দিয়ে কেনা পতাকা বারবার ভুলুণ্ঠিত হয়েছে এসব যুদ্ধাপরাধীর পদভারে।" তিনি আরো বলেন, "তাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অপমানের মাত্রা আর কতটা চূড়ান্ত হলে আমরা ঘুরে দাাঁড়াব? সময় এসেছে এসব ঘৃণ্য অপরাধীর বিচার করার।" আবুল মোমেন বলেন, "বর্তমানে আমাদের স্বাধীনতা অনেকটা কমে গেছে। নির্বাচনের মাধ্যমে সরকার পাল্টালেও সমাজের কোনো পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।" সমাজ পরিবর্তনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে আলোচনার পর আবৃত্তি করেন রবি শংকর মৈত্রী, রাশেদ হাসান, মৌমিতা মিত্র চৌধুরীসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পড়েন কবি অরুণ সেন, বিশ্বজিত চৌধুরী, হোসাইন কবীর, কামরুল হাসান বাদল। 'এখানে এখন নেই একাত্তরের সেই উর্দিপরা হানাদার, তবু তারই প্রেতচ্ছায়া পড়ে কেন আমার বাংলাদেশে....।' বোধনের শিল্পীদের এ সম্মিলিত উচ্চারণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২৩৩০ ঘ.