২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামতে ১৩৫ কোটি টাকা বরাদ্দ

ঘুর্ণিঝড় দুর্গত এলাকায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করে সেগুলোকে শিক্ষাদানের উপযোগী করতে একশ' ৩৫কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ৯০ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪৫ কোটি টাকা দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 06:20 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় দুর্গত এলাকায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করে সেগুলোকে শিক্ষাদানের উপযোগী করতে একশ' ৩৫কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ৯০ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪৫ কোটি টাকা দিচ্ছে। বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ১২টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পাঁচশ' ৮৪ টি স্কুল সম্পূর্ণ ও দুই হাজার পাঁচশ' ৪৬ টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত প্রতিটি স্কুলের জন্য সাময়িক মেরামতের জন্য দুই লাখ ও আসবাবপত্র কেনার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত প্রতিটি স্কুল পাচ্ছে ২০ হাজার টাকা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলীর নেতৃত্বে গঠিত কমিটি স্কুল নির্মাণ ও সংস্কারের কাজ করবে বলে শিক্ষা সচিব জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, ঘুর্ণিঝড়ে মোট সাড়ে চার হাজার প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আটশ' শিক্ষা প্রতিষ্ঠানের বেশি ক্ষতি হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সচিব বলেন, "দুর্গত এলাকার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বার্ষিক পরীক্ষার সময় নির্ধারণ করবেন স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিক বৃত্তি পরীক্ষা মধ্য ডিসেম্বরের পরিবর্তে মধ্য জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।" দুর্গত এলাকায় জেলা শিক্ষা অফিসারের দপ্তরে বই জমানো রয়েছে বলে সচিব জানান। এসব বই শিক্ষা কর্মকর্তারা বিতরণ করবেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের সাহায্যের পরিমাণ বাড়িয়েছে। এদিকে জ্বালানি ও খাদ্য উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে মধ্যাহ্ন ভোজসভায় ‎মুসলিম দেশের রাষ্ট্রদূতরা বলেছেন তারা সাহায্যের বিষয়ে নিজ নিজ সরকারের সঙ্গে কথা বলবেন। এছাড়া কোরবানি ও যাকাতের অর্থ দেওয়ারও আশ্বাস দিয়েছেন তারা। ভোজসভায় ১৫টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ড.আইয়ুব মিয়া বলেন, ইউনিসেফ এক লাখ পিস ও যুক্তরাজ্য এক লাখ পিস কম্বল দেবে। খাদ্য সচিব আরো জানান, খাদ্য ও দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে ৩৫ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। এর মধ্যে বেশি ক্ষতি হওয়া চার জেলার জন্য দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পেশা পুনরুজ্জীবনসহ নানা কাজে এ টাকা দেওয়া হবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের মাথাপিছু পাঁচ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০ ভাগ দেওয়া হবে অনুদান হিসেবে। বাকী টাকা শতকরা ৪ ভাগ সার্ভিস চার্জ দিয়ে ফেরত দিতে হবে। সচিব বলেন, মা ও শিশু খাদ্যের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ভিজিএফ কার্ড তৈরি ও অন্যান্য খরচ বাবদ এক কোটি টাকা দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলের রাস্তায় ছোট ছোট সেতু ও কালভার্ট নির্মাণে ২০৬ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ড. আইয়ুব মিয়া জানান, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এর আগে গৃহনির্মাণ ও অন্যান্য খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার গৃহ নির্মাণের জন্য নয়টি জেলায় আরো ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চাল বিতরণ করা হয়েছে ১৫ হাজার ৪০ টন। সচিব জানান, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে তিন হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৯ হাজার ৭৭৩ জন আহত ও ৮৭২ জন নিখোঁজ রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এসকে/০০১০ঘ.