ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ ৮৫ আটকাদেশপ্রাপ্ত নেতা-কর্মীকে বৃহস্পতিবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি আলী আসগর খান, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রব হাওলাদারের হাইকোর্ট অ্যাডভাইজারি বোর্ডে কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সোয়া ১টায় তাদেরকে হাজির করা হয়।
আটকাদেশপ্রাপ্ত অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বরিশালের মেয়র মুজিবুর রহমান সারোয়ার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।
এই ৮৫ আটকাদেশপ্রাপ্তর আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য তাদেরকে বোর্ডে হাজির করা হয়। বোর্ড এ বিষয়ে শুনানি গ্রহণ করেছে। তবে বোর্ডের কার্যক্রম গোপনীয় হওয়ায় কোন সিদ্ধান্ত জানা যায়নি। বিকেলে আটকাদেশ প্রাপ্তদের হাইকোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
দেশে জরুরি অবস্থা জারির পর বিভিন্ন সময় এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করে আটকাদেশ দেয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬৩৪ ঘ.
bdnews24