কক্সবাজার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ার বুধবার যৌথবাহিনী দু'দফা অভিযান চালিয়ে সন্ত্রাসী সৈয়দ নুর বাহিনীর সাত সদস্যকে গ্রপ্তার করেছে।
বুধবার বিকেল ও রাতে অভিযান চালানোর সময় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। অবশ্য এ সময় বাহিনী প্রধান সৈয়দ নুরকে গ্রেপ্তার করা যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সৈয়দ নুর ও তার সহযোগীদের ধরতে বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রথম দফা অভিযান চালায় ঢাকা থেকে আসা র্যাব- ৩ এর সদস্যরা। ওই সময় নুর কালারমারছড়ায় ফুটবল খেলা দেখছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সে দলবলসহ পাহাড়ের দিকে পালিয়ে যায়।
এরপর রাত ৮টার দিকে র্যাব সদস্যরা পুলিশ ও নৌ বাহিনীর সহযোগিতায় কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় আবারও অভিযান শুরু করে। এ সময় র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়।
পুলিশ কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন বলেন, "নুর বাহিনীর সদস্যরা এ সময় গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ের দিকে চলে যায়। এ সময় র্যাবও পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে নুরের সাত সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এরা হলো মনজুর, মোজাম্মেল হোসেন, জাফর আলম, আবু মোস্তফা, আবু সৈয়দ, মোজাম্মেল হক ও জয়নাল হোসেন।"
গ্রেপ্তারকৃতদের মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে র্যাব- ৩ এর উপ-পরিচালক আশরাফুজ্জামান বাদী হয়ে এ ঘটনায় সন্ত্রাসী সৈয়দ নুরকে প্রধান আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫১০ ঘ.
bdnews24