ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের দাবিতে বরগুনার সদর উপজেলায় এবং ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে পিরোজপুরের জিয়ানগরে বিক্ষোভ মিছিল করেছে দুর্গতরা।
(আরো তথ্যসহ)
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বরগুনা: বরগুনায় ত্রাণের দাবিতে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন দোপতি গ্রামের কয়েকশ নারী-পুরুষ বৃহস্পতিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল করেছে। এর আগে গত দুদিনে একই দাবিতে সেখানে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে ওই ইউনিয়নের অন্য দুই গ্রামের মানুষ।
বৃহস্পতিবারের মিছিলে অংশ নেওয়া দোপতি গ্রামের ছোবাহান মির, দলু মাঝি, আবুল বাসার, আব্দুস ছোবাহান খান জানান, সিডর আঘাত হানার পর প্রায় দু'সপ্তাহ পার হয়ে গেলেও তারা এখন পর্যন্ত কোনো সাহায্য পাননি। এজন্য বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
মিছিলটি বরগুনা শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার সময় সদর রোডের উকিল পট্টিতে সেটি থামিয়ে দেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন ও যৌথবাহিনীর স্থানীয় ক্যাম্পের দায়িত্বে থাকা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এম বছির আহমেদ ত্রাণ দেয়ার আশ্বাস দিলে মিছিলকারীরা ফিরে যায়।
মিছিলকারীদের একজন, হেমায়েত উদ্দিন খান অভিযোগ করেন, গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবি আব্দুল্লাহ বাচ্চু খানসহ প্রশাসনের কেউ ঝড়ের পর তাদের এলাকায় যায়নি।
চেয়ারম্যান আবি আব্দুল্লাহ বাচ্চু খান দাবি করেন, তিনি ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গেছেন। সেখানে ইউপি সদস্যেদের মাধ্যমে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে।
ত্রাণের বিষয়ে বিক্ষোভকারীদের অভিযোগ সম্পর্কে বরগুনা জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরগুনায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের আমরা পর্যায়ক্রমে সহয়তা দিচ্ছি। ভবিষৎতে তাদের জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।"
পিরোজপুর: জিয়ানগর উপজেলার পর্ত্তাশীর ইউনিয়ন পরিষদ সদস্যদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে এলাকার কয়েকশ মানুষ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও ইউপি ভবন ঘেরাও করে।
এলাকাবাসী জানায়, ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন ও রহমান মুন্সী সরকারি ও বেসরকারি ত্রাণ নিজেদের পছন্দমত লোকদের মধ্যে বিতরণ করছে। এছাড়া ভিজিএফ কার্ডের তালিকা তৈরির ক্ষেত্রেও অনিয়ম ও স্বজনপ্রীতি করছে তারা।
দুর্গতরা বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদ ভবন ঘেরাও করে 'দুর্নীতিবাজ' ইউপি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ সময় চেয়ারম্যান ও সদস্যরা কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে বিক্ষোভের সময় তিনি অন্য জায়গায় ছিলেন বলে বিস্তারিত জানেন না।
ইউপি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউএনও বলেন, "আমজাদ হোসেন আমকে টেলিফোনে জানিয়েছেন, যে তারা ত্রাণ পেয়েছেন সেটাই বিতরণ করেছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/জেকে/২০৪৭ ঘ.
bdnews24