ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ফিলিস্তিনের জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা এই সমর্থন ব্যক্ত করেন বলে বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।
উপদেষ্টা তার বাণীতে বলেন, বাংলাদেশ সরকার ও জনগণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির প্রতি সমর্থন যুগিয়ে যাবে।
তিনি বলেন, "ফিলিস্তিনের বেসামরিক জনগণের ওপর ইসরায়েল সরকারের হামলা ও ফিলিস্তিনের ভূমি দখল করে রাখায় ওই অঞ্চলে সহিংসতা ও রক্তপাত চলছে।"
প্রধান উপদেষ্টা বলেন, "আমরা আশা করছি সব পক্ষই এ সংক্রান্ত জাতিসংঘ সনদ মেনে চলবেন এবং মধ্যপ্রাচ্যের 'রোড ম্যাপ' অনুসরণ করে শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২৩১৮ঘ.
bdnews24