২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চের মধ্যেই প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, মার্চের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দিয়ে বিচার কার্যক্রমের অচলাবস্থা দূর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নোয়াখালী, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, মার্চের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দিয়ে বিচার কার্যক্রমের অচলাবস্থা দূর করা হবে। বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলার আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দেওয়া বক্তৃতায় বিচার বিভাগ আলাদা করা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "ধারকর্জ করে নতুন করে সংসার শুরু করেছি, এতে কিছু সুবিধা অসুবিধা থাকতেই পারে। তবে সমম্বিত উদ্যোগের মধ্য দিয়ে তা সমাধানের চেষ্টা আমাদের রয়েছে।" তিনি বলেন, এক নভেম্বর থেকে দেশের বিচার বিভাগে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। এ শুভ সুচনা কারো একক প্রচেষ্টায় হয়নি। সমষ্টিগতভাবে বিচারকাজের সাথে জড়িত সকলের প্রচেষ্টা রয়েছে এতে। বিচারক নিয়োগ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "আমাদের বিচারকদের যথেষ্ট স্বল্পতা রয়েছে। কারণ ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিভিল জুডিশিয়ারিতে কোনো রিক্রুটমেন্ট ছিল না। ২০০৭ সালে নিয়োগ আরম্ভ হয়েছে। তাতেও যে পরিমাণ বিচারক দরকার ছিলো তা নিয়োগ দেওয়া হয়নি।" তিনি বলেন, মার্চের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হবে। আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিচারকবৃন্দ যাতে পুরো সময় কাজ করতে পারেন সেজন্য সহায়তা করা দরকার। যদি নির্ধারিত সময়ে না আসেন (আদালতে) এবং কাজ না করতে পারেন তাহলে মামলা জট হবে।" জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মমিন উল্যার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ সা ক ম আনিছুর রহমান খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিয়া। প্রধান বিচারপতি সকাল ১১টায় নোয়াখালী পৌঁছে মুখ্য বিচারিক মাজিস্ট্রেট আব্দুল হাই মিয়ার আদালত, অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন খালেদ এবং নারী ও শিশু নির্যাতন দমনের বিচারক মনির আহম্মদ পাটোয়ারী আদালতে গিয়ে বিচারকাজ দেখেন। এ সময় আদালতে বিপুলসংখ্যক আইনজীবী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২১০০ ঘ.