২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে পারে জাপান

জাপান তার শ্রম চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করতে পারে। জাপান-বাংলাদেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির চেয়ারম্যান কোজি নোজিমা বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে তার মন্ত্রণালয়ে বৈঠকের সময় এই আগ্রহ ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 03:07 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাপান তার শ্রম চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করতে পারে। জাপান-বাংলাদেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির চেয়ারম্যান কোজি নোজিমা বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে তার মন্ত্রণালয়ে বৈঠকের সময় এই আগ্রহ ব্যক্ত করেন। নোজিমা উপদেষ্টাকে বলেন, জাপানে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার নেতিবাচক এবং জনসংখ্যার একটি বড় অংশ বুড়িয়ে যাচ্ছে। এ কারণে সেখানে অর্থনীতির জন্য প্রচুরসংখ্যক শ্রমিক প্রয়োজন। তিনি বলেন, এখন ভারত ও ভিয়েতনামের শ্রমিকরা জাপানে কাজ করছে। বৈঠক শেষে ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "উন্নত দেশগুলোতে দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে।" বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাওকি ইনো উপস্থিত ছিলেন। এদিকে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, জাপান বাংলাদেশে অধিক পরিমাণে বিনিয়োগে আগ্রহী বলে কোজি নোজিমার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে জানিয়েছে। কোজি নোজিমা এসময় বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য দু'দেশের মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে জাপান বাংলাদেশকে জরুরিভিত্তিতে বিভিন্ন ত্রাণ সাহায্য দিয়েছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী আরো সাহায্য দিতেও তারা প্রস্তুত আছে। শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী এসময় বলেন, বাংলাদেশ জাপানসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ থেকে আরো বেশি বিনিয়োগ আশা করে। বাংলাদেশ সরকার বিনিয়োগ-বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। শিল্প উপদেষ্টা এ সুযোগকে কাজে লাগিয়ে সড়ক অবকাঠামো, নির্মাণ, যানবাহন শিল্প, সার কারখানা স্থাপন ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এসকে/২০৫০ঘ.