চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে ভোটার তালিকা প্রণয়নের জন্য প্রাথমিক তথ্য সংগ্রহ এবং ছবি তোলার কাজ পুরোদমে এগিয়ে চললেও শ্রমজীবী মানুষের অনেকেই এখনও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেনি। আবার অনেক এলাকায় ভোটারদের বাড়িতে তথ্য সংগ্রহকারীরা যাননি বলেও অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, জীবিকার কারণে যেসব মানুষ ভোর থেকে দিন ও রাতের অধিকাংশ সময় বাসা বা বাড়ির বাইরে থাকেন তাদের অনেকেই ভোটার তালিকায় নাম ওঠাতে পারেননি। বাসা-বাড়ি ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা বাস করেন তাদেরও অনেকেই তথ্য ফরম পূরণ করতে পারেননি। এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের নিজেদের সময় ও সুযোগের অভাব এবং তথ্য সংগ্রহকারীরা বাসা-বাড়িতে না যাওয়া কিংবা প্রথমবার গিয়ে তাদের বাসায় না পাওয়ায় তারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, "এবারের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এখনও তথ্য ফরম পূরণ করা হয়নি বলে যে তারা একেবারেই বাদ পড়েছেন, সে রকম বলা যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য সংগ্রহকারীদের কাছে গেলে তাদের অন্তর্ভুক্ত করে নেওয়া হবে।"
তিনি বলেন, "প্রথম পর্যায়ের কাজ শেষে এসব এলাকায় আবারও ছবি তোলার জন্য সময় নির্ধারণ করা হবে। বাদ পড়াদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে আবারও প্রচারণা চালানো হবে।"
চান্দগাঁও থানা নির্বাচন কর্মকর্তা জানান, তার এলাকায় দুই হাজার ৯০৫ জন তথ্য ফরম পূরণ করেছেন, কিন্তু এখনও ছবি তুলতে পারেননি।
নগরীর দুই নম্বর গেট সংলগ্ন শাহ আমানত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কর্মরত মো. খোকন জানান, তার ওয়ার্কশপে ভোটার তথ্য সংগ্রহকারী না আসায় এখানে কাজ করে ও থাকে এমন কয়েকজন ভোটার তালিকায় নাম তুলতে পারেননি।
হালিশহর 'কে' ব্লকের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক মোসলেম উদ্দিন এবং বায়েজিদ বোস্তামী এলাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মী মারুফা ও রাবেয়া বেগমও একই অভিযোগ করেন।
খুলশী কলোনির বাসিন্দা আফসার আলী, মো. শফি, চশমা পাহাড়ের ঠেলাগাড়ি চালক শাহজাহান ও ইউনুস, লালখান বাজার ভুতাইয়্যা কলোনির রফিক মিয়া, টাইগার পাসের বস্তির মিজানুর রহমানও জানান, তাদের বাসায় তথ্য সংগ্রহকারী যাননি।
অন্যদিকে ফেরিওয়ালা, বিভিন্ন গাড়িচালক, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক, গ্যারেজ, ওয়ার্কশপ, দোকান, হোটেল-রেস্তোরাঁর কর্মচারী, ভিক্ষুকরা ভোটার তালিকায় নিজের অন্তর্ভুক্ত করতে পারেননি। এছাড়া, বিভিন্ন ট্রলার ও জাহাজে কর্মরত অনেক নাবিক ও নৌ শ্রমিক, গভীর সমুদ্রে মাছ ধরা ধরতে যাওয়া মাঝি-মাল্লারা, বিভিন্ন দূরপাল্লার বাস-ট্রাকের চালক ও হেলপাররাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি।
মো. মামুন মিয়া নামে এক ট্রাকচালক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাসায় কয়েকবার গিয়ে তথ্য সংগ্রহকারীরা ফিরে আসেন। তিনি পরে যোগাযোগ করলেও তথ্য সংগ্রহকারীকে পাননি। এ অবস্থায় তাকে মালামাল নিয়ে আবারও নগরী ছাড়তে হচ্ছে। তাই ভোটার হতে পারবেন কি না জানেন না।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, "ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নাবিক, শ্রমিক ও চালক সবার দায়িত্বের মধ্যেই পড়ে। বাদ পড়া ব্যক্তিরা নিজেদের এলাকায় তথ্য সংগ্রহকারীদের সঙ্গে যোগাযোগ করলে তালিকায় নাম উঠিয়ে নেওয়া হবে।"
তথ্য ফরম পূরণ করেও নির্দিষ্ট সময়ে কেন্দ্রে উপস্থিত হতে না পারা কিংবা ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেককে বাদ রেখেই কোনো কোনো কেন্দ্রে ছবি তোলার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে বলে স্বীকার করেন নির্বাচন কর্মকর্তা।
তবে যেসব কেন্দ্রে প্রথম পর্যায়ে ছবি তোলার কাজ শেষ হয়েছে সেসব স্থানে বাদ পড়াদের নিবন্ধনের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, ভোটারদের ছবি তোলা এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটরদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে তারা জানান। নামের বানান, বয়স, জন্ম তারিখ ও স্থায়ী ঠিকানা বিভ্রাটের পাশাপশি আঙ্গুলের ছাপ নেয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে ডাটা এন্ট্রি অপারেটরা জানান।
মো. আরাফাত নামে এক ডাটা এন্ট্রি অপারেটর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংগ্রহ করা তথ্যের সঙ্গে ভোটার হতে আসা ব্যক্তির বক্তব্যের মধ্যে বেশ অসঙ্গতি ধরা পড়ে। নামের বানান, বয়স, জন্ম তারিখ ও স্থায়ী ঠিকানার বিভ্রাট সবচেয়ে বেশি ধরা পড়ে। আর শ্রমজীবী অনেক মানুষের আঙ্গুলের রেখা মুছে যাওয়ায় ছাপ খুঁজে পেতে সমস্যা হয়।"
গত রোববার পর্যন্ত নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ১৪ লাখ ৪২ হাজার ৬৭২ জন ভোটার তথ্য ফরম পূরণ করেছেন উল্লেখ করে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, তথ্য ফরম পূরণ করতে পারেননি এমন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের সংখ্যা এক লাখের বেশি হতে পারে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটারদের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল ২২ অক্টোবর। ছবি তোলার কাজ শুরু হয় ৫ নভেম্বর। প্রথম পর্যায়ে ছবি তোলার কাজ শেষ হবে ১৭ ডিসেম্বর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/১৬০৬ ঘ.
bdnews24