ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ২১ আগস্টের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. মুনির হোসাইন (৩৫) ও মো. ইদ্রিস (৪০)। (আরও তথ্যসহ)
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "আটক দুজনের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগ আছে। এ দুজন হরকাতুল জেহাদের অর্থের যোগানদাতা। এদের সঙ্গে মুফতি হান্নানের যোগযোগ ছিল।"
শিবলী নোমান আরও জানান, সিআইডির একটি দল এ দুজনকে গ্রেপ্তার করার জন্য মোহাম্মদপুর এলাকায় অভিযান চালালে তারা জাকির হোসেন রোডের একটি মেসে আত্মগোপন করেন। সেই মেস থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। মুফতি হান্নান এবং শায়খ আব্দুর রহমানও এই মেসে এসেছিলেন এমন তথ্যও সোর্সের মাধ্যমে জানা গেছে।
তিনি বলেন, ইদ্রিস হলেন হরকাতুল জেহাদ ঢাকা মহানগর আমির তাহেরের ভাই। মোহাম্মদপুর এলাকায় তাহের ও ইদ্রিসের জমির ব্যবসা রয়েছে। আর মুনির হোসাইন হলেন তাদের ভগ্নিপতি।
তাহেরকে গত ১৩ নভেম্বর সিআইডি মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে এখন রিমান্ডে নিয়ে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মামলা তদন্তের প্রয়োজনে সিআইডির একটি দল ২২ নভেম্বর বিশেষ কারাগারে অন্তরীণ শেখ হাসিনার সাক্ষ্য নেয়।
শেখ হাসিনার সাক্ষ্য নেওয়ার পর পুলিশ কর্মকর্তা নওশের আলী জানান, সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছেন, "তিনি বিশ্বাস করেন হরকাতুল জেহাদের মুফতি হান্নান এই ঘটনার সঙ্গে জড়িত।"
এ সময় শেখ হাসিনা কয়েকজন মদদদাতার নামও বলেন। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা সম্ভব নয় বলে নওশের আলী জানান।
২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত ও বহু নেতাকর্মী আহত হন।
২০০৫ সালের ১ অক্টোবর মুফতি হান্নান গ্রেপ্তার হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এমএইচবি/০০৩১ ঘ.
bdnews24