ঢাকা , নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ মঙ্গলবার ভোরে আলী আজম (৫০) নামে এক হজ যাত্রীকে আটক এবং তার ব্যাগ থেকে ৬ হাজার ৬৬৪টি মূল্যবান পাথর উদ্ধার করেছে।
কাস্টমসের সহকারি কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর ধোলাইপাড়ের বাসিন্দা আলী আজম এবারে ব্যালটি হজযাত্রী। মঙ্গলবার ভোরে বাংলাদেশ বিমানে করে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল।
আলী আজমের ব্যাগ স্ক্যান করার সময় পাথরের সন্ধান পাওয়া যায়। পরে ব্যাগ খুলে তিন ধরনের মোট ৬ হাজার ৬৬৪টি পাথর পাওয়া যায়। এর ৬৯৬টি পাথর রয়েছে আংটির মধ্যে। এসব পাথরের ব্যাপারে ওই হজযাত্রী কোনো কাগজ দেখাতে পারেননি।
কাস্টম কর্মকর্তা খালেদ মোহাম্মদ আবু হোসেন জানান, আলী আজমকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ৪ বার হজ করা এবং প্রতিবারই পাথর নিয়ে যাওয়ার কথা বলেছেন। পাচারের উদ্দেশ্যেই এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে এক প্রশ্নের উত্তরে কাস্টমস্ কর্মকর্তাটি জানান।
তিনি জানান, এর আগে গত ২২ নভেম্বর ঢাকার বাবু বাজারের সাজেদুর রহমান (৫০) নামে এক হজযাত্রীর ব্যাগ থেকে ৫০০টি যৌন উত্তেজক 'ভায়াগ্রা' জাতীয় বড়ি 'ইডেগ্রা' পাওয়া যায়।
এ ব্যাপারে সাজেদুর রহমান জানিয়েছিলেন, তার ছেলে সৌদি আরবে এক বন্ধুকে ব্যাগটি পৌঁছে দিতে বলেছে।
পরে সাজেদুর রহমানকে হজ করতে যেতে দেওয়া হয়। কিন্তু দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে বলে সহকারি কমিশনার খালেদ মোহাম্মদ জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০৪৫ঘ.
bdnews24