মেহেরপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার দুটি গ্রামে পৃথক অভিযানে তিনটি বোমা ও একটি অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬ এর গাংনী ফাঁড়ির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মর্তুজা গালিব জানান, মঙ্গলবার দুপুরে গাংনীর মটমুগা গ্রামে অভিযান চালিয়ে তিনটি বোমাসহ এনামুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সময় চর গোয়াল গ্রামে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় সফিকুর রহমান নামে অপর এক ব্যক্তিকে।
র্যাব জানায়, বোমা তৈরির কারিগর এনামুল চরমপন্থী দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫১ ঘ.
bdnews24