২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধন পেতে বড় দলকে গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে

নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে এবার অনেক বড় বড় রাজনৈতিক দলকেই গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে মঙ্গলবার কমিশনের সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এই তথ্য জানিয়েছেন। এছাড়া তিনি জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্বাচন কমিশন সচিবালয় আলাদা করার কাজ বিলম্বিত হচ্ছে।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 11:30 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে এবার অনেক বড় বড় রাজনৈতিক দলকেই গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে মঙ্গলবার কমিশনের সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এই তথ্য জানিয়েছেন। এছাড়া তিনি জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্বাচন কমিশন সচিবালয় আলাদা করার কাজ বিলম্বিত হচ্ছে।(বিস্তারিত) সাংবাদিকদের উপস্থিতিতে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি বলেন, "অনেক দলকেই গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। নইলে তারা নিবন্ধিত হতে পারবে না। দলগুলো মুখে গণতন্ত্রের কথা বলবে, অথচ একই ব্যক্তি ১০ - ১২ বছর ধরে ক্ষমতায় থাকবেন, চাইলেই যাকে - তাকে বহিষ্কার করবেন, এটি হতে পারে না।" সিইসি স্পষ্টভাষায় জানিয়ে দেন, "আমি বিএনপির গঠনতন্ত্র পড়ে দেখেছি। তাদেরও গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে।" দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনে ভুঁইফোড় ও নাম সর্বস্ব দলগুলো যেন অংশ নিতে না পারে, সে জন্যও নিবন্ধনে নানা শর্ত আরোপ করা হয়েছে বলেও তিনি জানান। এটিএম শামসুল হুদা বলেন, "এর মানে এই নয় যে, আমরা রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে চাই।" নির্বাচন কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, আগামী বছর জুনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। এর আগে সংলাপের স্বাগত বক্তব্যে সিইসি বলেন, "নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করার জন্য আইনের খসড়া মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে। তারা সেই খসড়া কাটাঁেছড়া করে আমাদের কাছে ফেরত পাঠিয়েছেন। আমাদের সেটা পছন্দ হয়নি। আমরা আবার তাদের কাছে সেই প্রস্তাব ফেরত পাঠিয়েছি। এভাবেই ফাইল চালাচালি হচ্ছে।" বর্তমানে নির্বাচন কমিশন সরকার প্রধানের কার্যালয়ের অধীনে রয়েছে। অনেক আগেই নির্বাচন কমিশনকে এর থেকে আলাদা করার জন্য সমাজের বিভিন্ন কোণ থেকে জোরালো দাবি ওঠে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর সেই দাবি আরো জোরদার হয়। এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে এ সংক্রান্ত প্রস্তাব তৈরী করে পাঠানোর জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে সবুজ সংকেত দেয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে মে মাসের প্রথম দিকে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে পাঠানো হয়। সংলাপ অনুষ্ঠানে সিইসি আরও বলেন, "আমাদের খসড়া প্রস্তাবনায় রয়েছে স্বাধীনতা দেয়ার পরও নির্বাচন কমিশন সচিবালয় আইন মন্ত্রণালয়ের অধীনে থাকবে। কারণ নির্বাচন কমিশন সচিবালয়ের জবাবদিহিতা থাকা দরকার। বিচার বিভাগও আইন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত।" ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দেয়। শুরুতেই দল নেতা তাদের প্রস্তাবগুলো তুলে ধরেন। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচনের আয়োজন করা, দ্রুত ছবিসহ ভোটার তালিকা তৈরির জন্য একই সঙ্গে জাতীয় পরিচয় পত্র না করা, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সুনির্দিষ্ট বিধান রাখা, আটকে পড়া পাকিস্তানি ও রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা, শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা তৈরি করাসহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। এক পর্যায়ে সিইসি জানান, নির্বাচনী সংস্কার আইন নিয়ে সবগুলো দলের মতামত নেওয়ার পর কমিশন একসঙ্গে সব দগুলোকে নিয়ে আবারো একটি মতবিনিময় সভার আয়োজন করতে চায়। রাশেদ খান মেনন এতে তীব্র আপত্তি জানান। সিইসিকে তিনি বলেন, "স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সঙ্গে আমরা সংলাপে বসতে পারি না। এর আগের কমিশন এ রকম সংলাপ ডেকে সংলাপ প্রক্রিয়াকেই ব্যাহত করেছে। আমার মনে হয় না, যুদ্ধাপরাধীদের সঙ্গে সংলাপে বসতে কোন দল রাজী হবে।" তিনি আরও বলেন, "আপনি সংসদে এক সঙ্গে বসার উদাহরণ দিতে পারেন। কিন্তু গত দু - তিন বছরে পরিস্থিতি অনেক পাল্টে গেছে।" ভোটার তালিকা তৈরিতে বিদেশী অনুদানের কথা উল্লেখ করে মেনন বলেন, "যখন টেলিভিশনে ভোটার তালিকার উদ্বোধন অনুষ্ঠানে বিদেশী রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনকে দেখি, তখন জাতি হিসেবে নিজেদের অনেক ছোট মনে হয়।" নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে। এ পর্যন্ত আওয়ামী লীগসহ ১২টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/জিএনএ/এমএ/১৭২১ ঘ.