২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় মায়াসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তার পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 11:14 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তার পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ অভিযোগ গঠন করেন। আগামী ৩ ডিসেম্বর সাক্ষ্য নেওয়ার দিনও ধার্য করেন তিনি। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪০ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মায়ার স্ত্রী পারভিন চৌধুরী, দুই ছেলে সাজেদুল হোসেন চৌধুরী, রাশেদুল হোসেন চৌধুরী এবং সাজেদুলের স্ত্রী সুবর্ণা চৌধুরী। এ মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। গত ১৩ জুন সুত্রাপুর থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নুরুল আলম মামলাটি দায়ের করেন। ২৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মায়ার আরেক ছেলে রিফাত সাঈদ চৌধুরী এবং রাশেদুলের স্ত্রী ফারহানা চৌধুরীকে বাদ দেয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রতিমন্ত্রী থাকাকালে অভিযুক্তর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত উৎস থেকে ৫ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন এবং ৬ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৪১৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৭০৮ঘ.