ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম ও সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা দুটি আলাদা ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিমকোর্ট। ফলে মামলা দুটির কার্যক্রম চালাতে আপাতত কোনো বাধা থাকছে না।
এছাড়া, সালমান এফ রহমানকে দেওয়া হাইকোর্টের জামিনও স্থগিত করা হয়েছে।
সরকার ও দুদকের দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেয়।
১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মামলা করেন। পরে শেখ সেলিমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর মামলার কার্যক্রম স্থগিত করে দেয় হাইকোর্ট।
সালমান এফ রহমানের বিরুদ্ধে ১ অক্টোবর মতিঝিল থানায় দুর্নীতির মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম। মামলায় গাজীপুরের ছয়টি জমির জাল দলিল দেখিয়ে এবি ব্যাংক থেকে একশ ৯১ কোটি টাকা ঋণ নিয়ে তা পুনর্তফসিলের মাধ্যমে একশ ৮২ কোটি টাকা অবলোপনের অভিযোগ আনা হয়।
৪ নভেম্বর এ মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট সালমান এফ রহমানকে জামিনের আদেশ দেয়।
এছাড়া, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশও স্থগিত করেছে আপিল বিভাগের একই বেঞ্চ।
১ নভেম্বর হাইকোর্ট মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জিএনএ/১৬৪৭ ঘ.
bdnews24