নীলফামারী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী এদেশের জনগণের বাহিনী। জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এ কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান ক্যানেলে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে জলঢাকার পালাগ্রাম ইউনিয়নের তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে এ মাছ ছাড়া হচ্ছে।
পোনা অবমুক্ত করা উপলক্ষে প্রকল্পের কাছে কাওড়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, "মঙ্গা দূর করতে তিস্তা ক্যানেলে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছিল উল্লেখ করে জেনারেল মইন বলেন, "সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করে জাতিকে স্বাবলম্বী করে তুলতে হবে।"
পরে সেনাপ্রধান মাছচাষ প্রকল্পের সঙ্গে যুক্ত নিু আয়ের ৪০০ মানষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমি, রংপুরের জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান, দিনাজপুরের জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোখলেসুর রহমান ওই সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৯ ঘ.
bdnews24